× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিলে বিষ প্রয়োগ

দিরাই হাওরাঞ্চলে হুমকিতে দেশীয় মাছ

আয়মান মিয়া, দিরাই ( সুনামগঞ্জ )

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ ১৫:৫১ পিএম

সুনামগঞ্জের দিরাই উপজেলার হাওরাঞ্চল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুনামগঞ্জের দিরাই উপজেলার হাওরাঞ্চল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

এক সময় হাওরের পানি কমতে শুরু করলেই গ্রামের মানুষ মাছ ধরার উৎসবে মেতে উঠতেন। নদী, খাল, বিল ও হাওরের ডুবায় ডুবায় মিলত পুঁটি, ভেদা, পাবদা, শোল, গজার, বোয়ালসহ নানা প্রজাতির দেশীয় মাছ।

জাল, বর্শি কিংবা বাঁশের তৈরি বিশেষ ফাঁদে ধরা পড়ত প্রচুর মাছ। কিন্তু সময়ের ব্যবধানে বদলে গেছে সেই চিত্র। এখন ঘণ্টার পর ঘণ্টা জাল ও বর্শি ফেলেও অনেক সময় ফিরতে হচ্ছে প্রায় খালি হাতে। মাছের প্রাচুর্য কমে যাওয়ায় হাওরপাড়ের মানুষের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও হতাশা।

সুনামগঞ্জের দিরাই উপজেলার হাওরাঞ্চলে দেশীয় মাছের এমন সংকট নিয়ে বাড়ছে আলোচনা। স্থানীয় মাছ শিকারিদের অভিযোগ, ধানিজমিতে রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার, জলাশয়ে বিষ প্রয়োগ এবং মাছের প্রজননক্ষেত্র নষ্ট হওয়াসহ নানা কারণে কমে যাচ্ছে দেশীয় মাছের প্রাচুর্য।

এর প্রভাব পড়ছে হাওরের জীববৈচিত্র্য, স্থানীয় মানুষের খাদ্যাভ্যাস ও মাছনির্ভর জীবিকার ওপর।

হারিয়ে যাচ্ছে মাছ ধরার চিরচেনা দৃশ্য

এক সময় হাওরের পানি কমতে শুরু করলে ছোট ছোট ডুবায় বাঁধ দিয়ে মাছ ধরার আয়োজন করতেন গ্রামের মানুষ। মাছ ধরার আগের দিন থেকেই চলত প্রস্তুতি। ডোবায় নির্দিষ্ট জায়গায় বাঁশের তৈরি বিশেষ বেড়া বা খাঁটি বসানো হতো। পানি কমে এলে সেই ফাঁদে আটকা পড়ত নানা প্রজাতির মাছ। মাছ ধরাকে কেন্দ্র করে তৈরি হতো উৎসবমুখর পরিবেশ।

কিন্তু এখন সেই দৃশ্য অনেকটাই বিরল। স্থানীয়দের ভাষ্য, হাওরের পানি কমলেও আগের মতো মাছ পাওয়া যায় না। এক সময় যেসব জলাশয়ে প্রচুর দেশীয় মাছ মিলত, সেসব জায়গায় এখন মাছের দেখা পাওয়াই কঠিন হয়ে পড়েছে। দিরাইয়ের হাওর-বিলের পরিচিত মাছের মধ্যে রয়েছে পুঁটি, ভেদা, পাবদা, খইয়া ও লাছোসহ বিভিন্ন প্রজাতি।

স্থানীয়দের দাবি, এসব মাছের প্রাপ্যতা আগের তুলনায় অনেক কমেছে। শোল, রুই ও কাতলার মতো মাছ বাজারে পাওয়া গেলেও উন্মুক্ত জলাশয়ে সেগুলোর প্রাচুর্য আর আগের মতো নেই।

সার-কীটনাশকের প্রভাবে হুমকিতে জলজ পরিবেশ

হাওরাঞ্চলের মানুষের প্রধান জীবিকার একটি ধান চাষ। ফসল উৎপাদন বাড়াতে কৃষিজমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয়।

তবে এসব উপাদানের অতিরিক্ত ব্যবহার এবং বৃষ্টির পানি বা জমির পানি জলাশয়ে মিশে যাওয়ার ফলে মাছের স্বাভাবিক আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় মাছ শিকারিদের ধারণা, জমিতে ব্যবহৃত রাসায়নিকের প্রভাবে পানির গুণগত মান ও জলজ পরিবেশে পরিবর্তন আসছে। এতে দেশীয় মাছের বিচরণ, বেঁচে থাকা ও প্রজনন ব্যাহত হতে পারে।

দিরাই উপজেলা মৎস্য কর্মকর্তার মতে, ধানিজমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার মিঠাপানির দেশীয় মাছের জন্য হুমকি তৈরি করছে।

বিলে বিষ প্রয়োগের অভিযোগ

দেশীয় মাছ কমে যাওয়ার পেছনে হাওরের বিভিন্ন বিলে বিষ প্রয়োগের অভিযোগও তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

তাদের দাবি, কোনো কোনো বিলে মাছ ধরতে বিষ প্রয়োগ করা হচ্ছে। এতে বড় মাছের পাশাপাশি ছোট পোনা ও মাছের ডিমও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে মাছের স্বাভাবিক বংশবিস্তার বাধাগ্রস্ত হতে পারে।

চ্যাপ্টির হাওরপাড়ের বাসিন্দা লিটন দাস বলেন, হাওরের বিভিন্ন বিল ইজারা দেওয়া হয়। তার অভিযোগ, কোনো কোনো ইজারাদার বিলে বিষ প্রয়োগ করে মাছ ধরেন। এতে মাছের পোনা ও ডিম নষ্ট হওয়ার পাশাপাশি মাছের প্রজননও ব্যাহত হচ্ছে।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ইজারাদারদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং প্রকৃত কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।

মাছ কমে বিপাকে শিকারিরা

দিরাইয়ের মাছ শিকারি খালেক, জুয়েল ও মাছুমের ভাষ্য, আগে জাল কিংবা বর্শি পানিতে ফেললেই উল্লেখযোগ্য পরিমাণ মাছ পাওয়া যেত। এখন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক সময় সামান্য মাছ নিয়ে ফিরতে হয়।

তাদের মতো মাছ শিকারিদের কাছে মাছ শুধু খাদ্য নয়, জীবিকা নির্বাহেরও অন্যতম অবলম্বন। জলাশয়ে মাছ কমে যাওয়ায় তাদের আয়েও প্রভাব পড়ছে। পাশাপাশি স্থানীয় বাজারে উন্মুক্ত জলাশয়ের দেশীয় মাছের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

চাষের মাছ আছে, নেই হাওরের সেই স্বাদ

দেশীয় মাছের প্রাপ্যতা কমে যাওয়ায় দিরাইয়ের অনেকেই ছোট ছোট পুকুরে মাছ চাষ করছেন। এতে বাজারে মাছের সরবরাহ থাকলেও হাওরের উন্মুক্ত জলাশয়ে বেড়ে ওঠা দেশীয় মাছের স্বাদ ও বৈচিত্র্য আগের মতো পাওয়া যাচ্ছে না বলে মনে করেন স্থানীয় ক্রেতারা।

বাজারে চাষের মাছের পাশাপাশি হাওরের দেশীয় মাছ উঠলে ক্রেতাদের অনেকেই দেশীয় মাছ কিনতে আগ্রহী হন। দাম তুলনামূলক বেশি হলেও এসব মাছ দ্রুত বিক্রি হয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

হাওরের মাছ রক্ষায় প্রয়োজন কার্যকর উদ্যোগ

মাছ হাওরাঞ্চলের মানুষের খাদ্য, জীবিকা ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। দেশীয় মাছের প্রাচুর্য কমে যাওয়া শুধু মাছ শিকারিদের সংকট নয়; এটি হাওরের জলজ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়টিকেও সামনে নিয়ে এসেছে।

স্থানীয়দের দাবি, মাছের প্রজনন ও বিচরণক্ষেত্র সংরক্ষণ, জলাশয়ে ক্ষতিকর বিষ প্রয়োগ বন্ধ, কৃষিজমিতে রাসায়নিক সার ও কীটনাশকের নিরাপদ ব্যবহার নিশ্চিত এবং বিল ইজারার ক্ষেত্রে নজরদারি জোরদার করতে হবে।

একই সঙ্গে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

সংশ্লিষ্টদের মতে, হাওরের মাছ রক্ষায় সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে দেশীয় মাছের সংকট আরও বাড়তে পারে। তাই হাওরের পরিবেশ সংরক্ষণ ও দেশীয় মাছের প্রজননক্ষেত্র রক্ষায় এখনই সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি।

হাওরপাড়ের মানুষের প্রত্যাশাÑআবারও প্রাণ ফিরে পাবে জলাশয়, জালে উঠবে দেশীয় মাছ, ফিরবে হারিয়ে যেতে বসা হাওরের চিরচেনা দৃশ্য।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা