নিহত মো. আয়াস।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিজ ঘর থেকে তুলে নিয়ে মো. আয়াস (২২) নামে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) এক সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের বিরুদ্ধে।
এ ঘটনায় ছৈয়দ মোহাম্মদ (২৪) নামে আরেক আরএসও সদস্য গুরুতর আহত হয়েছেন।
১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আয়াস ওই ক্যাম্পের করিম উল্লাহর ছেলে। আহত ছৈয়দ মোহাম্মদ একই ক্যাম্পের ফকির আহমেদের ছেলে।
নিহতের পরিবারের সদস্য ও সাধারণ রোহিঙ্গাদের বরাতে ৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ জানান, বৃহস্পতিবার মধ্যরাতে আরসার সদস্যরা আয়াস ও ছৈয়দ মোহাম্মদকে ধরে নিয়ে নিজেদের হেফাজতে মারধর করে। এতে ঘটনাস্থলেই আয়াসের মৃত্যু হয়। গুরুতর আহত ছৈয়দ মোহাম্মদকে ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আরসার সদস্য মো. সলিম, নজিম উল্লাহ, ফয়সাল, আকরাম ও হানিফসহ কয়েকজন এ ঘটনায় জড়িত বলে জানা গেছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উখিয়া থানা পুলিশের মাধ্যমে কক্সবাজার জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।