চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩ ১৭:১১ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৩ ১৭:৪৭ পিএম
চমেক হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ফি বাড়ানোর প্রতিবাদে মঙ্গলবার সড়ক অবরোধ করে রোগী ও রোগীর স্বজনরা। প্রবা ফটো
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ফি বাড়ানোর প্রতিবাদে সড়ক অবরোধ করেছে রোগী ও রোগীর স্বজনরা।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় হাসপাতালের প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করেন তারা। তার আগে দুদিন টানা ডায়ালাইসিস সেন্টারের সামনে বিক্ষোভ করে রোগীরা।
অবরোধের ফলে সড়কের উভয় পাশে তৈরি হয় যানজট। দাবি আদায় না হাওয়া পর্যন্ত আন্দোলন চলবে জানিয়েছেন আন্দোলনরত রোগী ও রোগীর স্বজনরা।
তবে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ড. শামীম আহসান বলেছেন, সড়ক অবরোধের বিষয়ে কিছু জানেন না তিনি।
তিন মাস ধরে চট্টগ্রাম মেডিকেলে ডায়ালাইসিস করছেন মোহাম্মদ আবু জাফর। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘এখানে অনেক ভোগান্তি সহ্য করে আমরা ডায়ালাইসিস করছি। এমন না যে এখানে সার্ভিস অনেক ভালো। কম খরচে করা যায় বলে জীবন বাঁচানোর তাগিদে এখানে ডায়ালাইসিস করতে হচ্ছে। এখন যে নিয়ম করা হচ্ছে এটা তো আমাদের সামর্থ্যের বাইরে। মনে হচ্ছে সরকার চাচ্ছে না আমরা বেঁচে থাকি।’
পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই সেবা দিয়ে আসছে ভারতীয় প্রতিষ্ঠান স্যানডোর।
এই ইউনিটে রোগীরা দুই ধাপে তাদের ডায়ালাইসিস সেশন সম্পন্ন করার সুযোগ পেতেন। রোগীদের প্রতি মাসে আটবার ডায়ালাইসিস করতে হয়, এর মধ্যে সরকারি ভর্তুকিতে প্রতি সেশনে রোগীদের খরচ ছিল ৫১০ টাকা, আর পুরোপুরি নিজের খরচে সেশন সম্পন্ন করতে খরচ হতো ২ হাজার ৭৯০ টাকা। সম্প্রতি পাঁচ শতাংশ খরচ বাড়িয়ে সেই ফি নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৫৩৫ টাকা ও ২ হাজার ৯৩০ টাকা।
আগে রোগীদের প্রতি মাসে ব্যক্তিগত খরচে একটি সেশন করে বাকি সেশনগুলো সরকারি ভর্তুকিতে শেষ করার সুযোগ দেওয়া হতো। এবার তা কমিয়ে আনার ঘোষণাও দিয়েছে স্যানডোর। মূলত এর প্রতিবাদেই বিক্ষোভ করেন রোগীর স্বজনরা।