প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ২১:১৭ পিএম
পাবনা সদরের আতাইকুলায় বিএনপি ও শ্রমিক দলের দুই নেতাকে গুলি হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। অন্যদিকে চার জেলায় বাবা-মেয়েসহ আরও ৫ জন খুন হয়েছেন। এর মধ্যে মুন্সীগঞ্জে বাবা-মেয়ে, রাজশাহীতে কৃষক, বরিশালে জেলে এবং কুড়িগ্রামে এক গৃহবধূ খুনের শিকার হন। বিস্তারিত প্রতিবেদকদের পাঠানো খবরেÑ
পাবনা : সদর উপজেলার আতাইকুলায় বিএনপি ও শ্রমিক দলের দুই নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সন্ধ্যার দিকে আতাইকুলার পুষ্পপাড়া হাটের মধ্যেই এই ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ সদর উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক রিপন হোসেন (৪০) ও আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম (৫০)।
নিহত রিপন হোসেন আতাইকুলা থানা এলাকা ধর্মগ্রামের মৃত ওমেদ আলীর ছেলে এবং আব্দুস সালাম একই এলাকার মৃত আরজ আলী ব্যাপারীর ছেলে। আব্দুস সালাম পুষ্পপাড়া হাটের ইজারাদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পুষ্পপাড়া হাটের খাজনা আদায় শেষে সন্ধ্যায় হাটের ইজাদারের রুমে বসে মিটিং করছিলেন। এ সময় কতিপয় মুখোশধারী দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে দ্রুত তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে আতাইকুলা থানার ওসি মজিবর রহমান জানিয়েছেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : সিরাজদিখানে জমি বিরোধের জেরে বাবা-মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ। নিহতরা হলেনÑ গোলাপ হোসেন (৩৮) ও তার মেয়ে তোবা (৪)। গতকাল দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বাবার মৃত্যু হয়। এদিন সকালে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গত বুধবার বিকালে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মোল্লা ব্রিকস নামে একটি ইটভাটার কাছে এ ঘটনা ঘটে। সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, ধারণা করছিÑ জমির সংক্রান্ত বিরোধের জেরে এই খুনের ঘটনা ঘটতে পারে।
রাজশাহী : পবা উপজেলায় নিজ বাড়ির ছাদে এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত বুধবার রাতের কোনো এক সময় উপজেলার মধুসূদনপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ (৪৫)। পবা থানার ওসি আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন।
হিজলা (বরিশাল) : হিজলায় মেঘনা নদীতে গুলিবিদ্ধ হয়ে আকতার হোসেন হাওলাদার (৪০) নামে এক জেলে নিহত হয়েছেন। মা ইলিশ সংরক্ষণে অভিযান চলাকালে সংঘর্ষের মধ্যে তিনি গুলিবিদ্ধ হন বলে স্থানীয় সূত্রের দাবি। এ ঘটনায় আরও ৪ জেলে গুলিবিদ্ধ হয়েছেন বলেও দাবি করা হয়েছে। তবে কারা গুলি চালিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। বৃহস্পতিবার ভোরে হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের শাওড়া অরাকুল মাছঘাটসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। হিজলা থানার ওসি সোলাইমান হোসেন জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উলিপুর (কুড়িগ্রাম) : উলিপুরে নাসরিন জাহান (২০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর লাশ রেখে স্বামীসহ পরিবারের লোকজন পালিয়ে যান। বৃহস্পতিবার উপজেলার ফকির মোহাম্মদ নামানির চর এলাকায় এ ঘটনা ঘটে। যৌতুকের জন্য মেয়েকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তার বাবা। উলিপুর থানার ওসি শওকত আলী সরকার জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আজ শুক্রবার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ওই গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের বাবা মামলা করতে থানায় এসেছেন।