মনপুরা (ভোলা) প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ২১:০৮ পিএম
মনপুরায় উপজেলা পরিষদের সরকারি ভিটা বরাদ্দের প্রতিবাদে বাজারের দোকান-পাট বন্ধ রেখে ধর্মঘট পালন করেছেন হাজীর বাজার ব্যবসায়ীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ভোলার মনপুরায় উপজেলা পরিষদের সরকারি ভিটা বরাদ্দের প্রতিবাদে বাজারের দোকান-পাট বন্ধ রেখে ধর্মঘট পালন করেছেন হাজীর বাজার ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হাজীর বাজারের ব্যবসায়ীরা তাদের নিজ নিজ দোকান বন্ধ রেখে উপজেলা পরিষদ চত্বরে ধর্মঘট পালন করেন। পরে বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ ও ভোলা জেলা প্রশাসক ডা. শামীম আহমেদের মনপুরায় আগমন উপলক্ষে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন ব্যবসায়ীরা।
এসময় তারা স্মারকলিপি ও অভিযোগ পত্র দিতে চাইলে তা গ্রহন করেননি বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ।
ব্যবসায়ীরা জানান, মনপুরা উপজেলা সদরে অবস্থিত সবচেয়ে বড় বাজার হাজীর হাট বাজারে বিদ্যুৎ সমস্যা, অবকাঠামোগত সমস্যা ও প্রশাসনের উদাসীনতার কারনে দীর্ঘদিন ধরে ব্যবসা মন্দা চলছে। এরই মধ্যে মোটা অংকের টাকার বিনিময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা পরিষদের সরকারি জমিতে আধা কিলোমিটার দুরত্বে আরও একটি বাজার নির্মাণের পরিকল্পনা করেছেন। যা হাজীর বাজারের ব্যবসায়ীদের স্বার্থ পরিপন্থি।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীবের বিরুদ্ধে বিভাগীয় তদন্তসাপেক্ষে ব্যবস্থাগ্রহন সহ তার বদলীর দাবি জানান।
উল্লেখ্য; উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত প্রায় এক একর জমি দীর্ঘ ৫০ বছর যাবত কেওড়া বাগান হিসেবে পরিত্যক্ত ছিলো। কিন্তু গত ২০ দিন আগে হঠাৎ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন বাজার নির্মানের জন্য ভিটা বরাদ্দের বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে কিছু ভিটা এক লক্ষ টাকা ও কিছু ভিটা ৫০ হাজার টাকার বিনিময়ে বরাদ্দের জন্য পে অর্ডার আহ্বান করা হয়। হাজীর হাট বাজার ও উক্ত জমির অবস্থান কাছাকাছি হওয়ায় বরাদ্দের খবরে ফুষে ওঠেন হাজীর হাট বাজারের চার শতাধিক ব্যবসায়ী। পরবর্তীতে সম্ভব্যতা যাচাইয়ের জন্য উক্ত জমি বরাদ্দ স্থগিত রাখার নির্দেশ দেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।