ছাতক (সুনামগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ২০:৫৬ পিএম
প্রতিকী ছবি
সুনামগঞ্জের ছাতকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার হুমকি এবং ভয়ভীতি দেখিয়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কাইফ আহমদ এক যুবকের বিরুদ্ধে।
সর্বশেষ আরও এক লাখ টাকা দাবি করে না পেয়ে ভুক্তভোগীর ব্যক্তিগত ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ওই যুবকসহ কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন দুই সন্তানের জননী।
গত বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সুনামগঞ্জে মামলাটি দায়ের করা হয়।
অভিযুক্ত কাইফ আহমদ (২১) ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের বোবরাপুর (দিগলবন) গ্রামের আমিনুর রশিদের ছেলে।
অভিযোগে বলা হয়, ভিকটিমের স্বামী দুবাই থাকার সুবাদে অভিযুক্ত কাইফ আহমদ তাকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আসছিল। চলতি বছর ১২ মার্চ কাইফ ভিকটিমের ঘরে এসে ভিকটিমের চাচা শ্বশুর তাকে ডাকছেন জানালে সে চাচা শ্বশুর ঘরে গেলে কাইফ দরজা বন্ধ করে ভিকটিমকে ধর্ষণ করে এবং ঘটনার ভিডিও ধারণ করে রাখে। পরে এ ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণসহ তার কাছ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়। সম্প্রতি আরও ১ লাখ টাকা দাবি করে কাইফ। দাবিকৃত অর্থ না দেওয়ায় কাইফ তাঁর মোবাইলফোনে ধারণ করা একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে দেন।
এঘটনায় ভুক্তভোগী ধর্ষণ, ফেইসবুকে ভিডিও প্রকাশসহ, হত্যার হুমকি, অর্থ নেওয়ার বিষয়ে প্রথমে ছাতক থানায় মামলা দায়েরের চেষ্টা করেন। থানা মামলা না নেওয়ায় তিনি আদালতের শরণাপন্ন হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য সুনামগঞ্জের ডিবি পুলিশকে নির্দেশ দেন।
এ বিষয়ে অভিযুক্ত কাইফ আহমদের মোবাইলফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।