× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পোকার আক্রমণে আমন আবাদে শঙ্কা

ওয়াসিম আকরাম, মান্দা (নওগাঁ)

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ১৯:২৫ পিএম

মান্দায় রোগ-পোকার আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়েছে আমন ধানের আবাদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মান্দায় রোগ-পোকার আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়েছে আমন ধানের আবাদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নওগাঁর মান্দায় রোগ-পোকার আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়েছে আমন ধানের আবাদ। মাঠের পর মাঠ ধানগাছ আক্রান্ত হওয়ায় ফলনহানির আশঙ্কায় দিশাহারা কৃষকেরা। চড়া দামে কীটনাশক কিনেও মিলছে না কাঙ্ক্ষিত ফল।

এ পরিস্থিতিতে মাঠপর্যায়ে কৃষি বিভাগের তদারকি ও কার্যকর পরামর্শের অভাবের অভিযোগ তুলেছেন কৃষকেরা। একই সঙ্গে সার-কীটনাশক ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশ ও নিম্নমানের কীটনাশক ব্যবহারের বিষয়েও সন্দেহ প্রকাশ করেছেন তারা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নওগাঁর মান্দায় ১৬ হাজার ১১০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমন এ অঞ্চলের অন্যতম প্রধান ফসল। কৃষকেরা স্থানীয় ও উচ্চফলনশীল বিভিন্ন জাতের ধান চাষ করে থাকেন। তবে রোগ-পোকার আক্রমণ দেখা দিলে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি ফলন কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।

বৃহস্পতিবার সরেজমিনে প্রসাদপুর ইউনিয়নের খুদিয়াডাঙ্গা, মোটগাড়ি, গাড়িক্ষেত্র, দেলুয়াবাড়ি, মহানগর, পরানপুর ও ভালাইনসহ বিভিন্ন এলাকার ক্ষেতে পোকার আক্রমণে ফসলের ক্ষতি লক্ষ করা গেছে।

উপজেলার গাড়িক্ষেত্র গ্রামের হারেজ, আস্তান ও সাইদুর, পরানপুরের আশরাফুল, গণেশপুরের রফিকুল এবং মহানগরের আবু জানান, পোকার আক্রমণে ধানগাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাজার থেকে দামি কীটনাশক কিনেও সুফল মিলছে না। 

তাদের ভাষ্য, সবকিছুর দাম বেশি, এবার ফলন ভালো না হলে উৎপাদন খরচই উঠবে না। অথচ কৃষি অফিসের কর্মকর্তা কিংবা ব্লক সুপারভাইজার মাঠে এসে খোঁজ নেননি, কার্যকর পরামর্শও দেননি।

কৃষকদের অভিযোগ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও ব্লক সুপারভাইজারদের নিয়মিত মাঠপর্যায়ে তদারকি না থাকায় রোগ-পোকা শনাক্ত ও প্রতিকারে প্রয়োজনীয় পরামর্শ পাচ্ছেন না তারা। সহযোগিতার পরিবর্তে কৃষি বিভাগের কিছু কর্মকর্তা ও মাঠকর্মীর সঙ্গে সার-কীটনাশক ব্যবসায়ীদের যোগসাজশ রয়েছে। এ ছাড়া নিম্নমানের কীটনাশক ব্যবহারের কারণেও ফসলের ক্ষতি হচ্ছে বলে সন্দেহ করছেন তারা।

অভিযোগের বিষয়ে মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, সারসংকট নিয়ে অফিসের সবাই ব্যস্ত ছিলেন। তারপরও আমার কর্মকর্তারা নিয়মিত মাঠে উঠান বৈঠক, পরামর্শ ও তদারকি করছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা