কক্সবাজার ও রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ১৯:২২ পিএম
প্রতিকী ছবি
কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে যাওয়া শান্ত (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ইনানী সৈকতে তল্লাশি চালিয়ে শান্তর মরদেহ উদ্ধার করেন কোস্ট গার্ড, ট্যুরিস্ট পুলিশ ও বিচকর্মীরা। নিহত শান্ত ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে তার পরিবারের বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে পারেনি প্রশাসন।
সৈকতে নিয়োজিত জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মাদ্রাসার ১৫ থেকে ১৬ জন শিক্ষার্থী ইনানী সৈকতে গোসল করতে নামেন। এ সময় সাগরের ঢেউয়ের তোড়ে তারা ভেসে যেতে থাকেন। পরে তাদের মধ্যে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও শান্ত নিখোঁজ ছিল।
খবর পেয়ে বিচকর্মী, ট্যুরিস্ট পুলিশ ও কোস্ট গার্ড সদস্যরা সাগরে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে সাগরে ভাসমান অবস্থায় শান্তর মরদেহ উদ্ধার করা হয়।
ইনানী পুলিশ ফাঁড়ির এসআই রিমন ঘোষ জানান, এ বিষয়ে খোঁজখবর নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে কুড়িগ্রামের রৌমারীতে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে পাঁচ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চর বামনের চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলোÑ ওই গ্রামের নবীন চানের ছেলে মো. নাঈম ও সুরুজ মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের একটি ডোবার পানিতে ডুবে যায় শিশু দুটি। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।