পটুয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ১৯:১২ পিএম
বাংলাদেশ কোস্ট গার্ডের প্রশিক্ষণ ঘাঁটি বিসিজি বেইস অগ্রযাত্রায় আয়োজিত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘ব্রাউন ওয়াটার অপারেশন অ্যান্ড অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং কোর্স-২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২৫ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কোর্সে ৭টি দেশের প্রতিনিধিরা অংশ নেন।
বাংলাদেশ কোস্ট গার্ডের প্রশিক্ষণ ঘাঁটি বিসিজি বেইস অগ্রযাত্রায় আয়োজিত এ প্রশিক্ষণে শ্রীলঙ্কা, মালয়েশিয়া, মালদ্বীপ, ফিলিপাইন, ভারত, কেনিয়া এবং অস্ট্রেলিয়ার মোট ৮জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন। এ ছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর ২জন ও কোস্ট গার্ডের ২ জনসহ মোট ১২ জন প্রশিক্ষণার্থী সফলভাবে কোর্সটি সম্পন্ন করেন।
কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসানসহ সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণটির মূল লক্ষ্য ছিল অংশগ্রহণকারী কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নদী ও উপকূলীয় জলসীমায় অভিযান পরিচালনার সক্ষমতা উন্নয়ন এবং মানব পাচার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার দক্ষতা অর্জন। পাশাপাশি বিভিন্ন দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সমন্বয় জোরদারে গুরুত্বারোপ।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, সামুদ্রিক সম্পদ সংরক্ষণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং মানব পাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষতা ও পেশাদারত্ব বৃদ্ধির পাশাপাশি বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারিত হবে।