রায়হান হত্যা
সিলেট প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ১৮:৪১ পিএম
মহানগর দায়রা জজ আদালত, সিলেট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলায় পুলিশের বরখাস্ত হওয়া উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
একই মামলায় দুই পুলিশ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর তিন আসামিকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ মুন্সী এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন কনস্টেবল টিটু চন্দ্র দাস ও কনস্টেবল হারুন অর রশীদ। সাত বছর করে কারাদণ্ডপ্রাপ্ত অপর তিন আসামি হলেন পুলিশের বরখাস্ত হওয়া সহকারী উপপরিদর্শক (এএসআই) আশেক এলাহী, এএসআই হাসান উদ্দিন ও সংবাদকর্মী আব্দুল্লাহ আল নোমান।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ মুমিনুল ইসলাম মোমিন জানান, ছয় আসামির মধ্যে কারাগারে রয়েছেন শুধু আশেক এলাহী। বাকি পাঁচজন পলাতক।
২০২০ সালের ১০ অক্টোবর রাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে নিয়ে রায়হান আহমদকে নির্যাতন করা হয়। পরদিন ১১ অক্টোবর তার মৃত্যু হয়। এ ঘটনায় তার স্ত্রী পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন। তদন্তে নির্যাতনের বিষয়টি উঠে আসে। ঘটনার পর এসআই আকবরসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। আরও তিনজনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। পরে কনস্টেবল হারুনসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ২০২০ সালের ৯ নভেম্বর কানাইঘাট সীমান্ত এলাকা থেকে প্রধান অভিযুক্ত আকবরকে আটক করা হয়।
২০২১ সালের ৫ মে পিবিআই ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। অভিযোগপত্রে এসআই আকবর হোসেন ভূঁইয়া, এএসআই আশেক এলাহী, কনস্টেবল হারুন অর রশীদ, কনস্টেবল টিটু চন্দ্র দাস, এসআই হাসান উদ্দিন ও আব্দুল্লাহ আল নোমানকে আসামি করা হয়। ওই বছরের ৩০ সেপ্টেম্বর মামলার বিচারকাজ শুরু হয়।
আদালত সূত্রের বরাতে জানা গেছে, মামলার প্রধান আসামি ও বন্দরবাজার ফাঁড়ির সাবেক ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া ৪ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পান এবং ১০ আগস্ট কারাগার থেকে মুক্তি পান। পরে তার জামিন স্থগিত হলেও তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন। তিনি দেশ ছেড়ে পালিয়েছেন বলেও জানা গেছে। রায় ঘোষণার পরও অধিকাংশ আসামি পলাতক থাকায় দণ্ড কার্যকর ও ন্যায়বিচার নিশ্চিত করা নিয়ে নিহত রায়হানের পরিবারের উদ্বেগ রয়ে গেছে।