হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ১৮:৩২ পিএম
ট্রেন দুটির যাত্রাবিরতি খবরে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার আনন্দ মিছিল করেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে দিনাজপুরের হিলি রেলস্টেশনে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
এ খবরে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার আনন্দ মিছিল করেছেন। ট্রেন দুটির যাত্রাবিরতি কার্যকর হলে হিলি ও আশপাশের এলাকার মানুষের ঢাকায় যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন তারা।
রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে গত ২৮ অক্টোবর জারি করা এক বিজ্ঞপ্তিতে হিলি রেলস্টেশনে দুটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির অনুমোদনের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭৬৫ নম্বর আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস এবং ৮০৫ নম্বর আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেন হিলি রেলস্টেশনে যাত্রাবিরতির অনুমতি পেয়েছে।
এদিকে গতকাল হিলি স্টেশন থেকে বের হওয়া আনন্দ মিছিলে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সাংগঠনিক সম্পাদক হযরত আলীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।
এ সময় স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে হিলি স্থলবন্দর থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পেলেও এলাকার যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন খাতে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। এমন পরিস্থিতিতে হিলি রেলস্টেশনে ঢাকাগামী দুটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন তাদের দীর্ঘদিনের দাবি পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তারা আরও বলেন, ট্রেন দুটির যাত্রাবিরতি কার্যকর হলে হিলি ও আশপাশের এলাকার মানুষ সহজে ঢাকায় যাতায়াত করতে পারবে। এতে সময় ও যাতায়াতের ভোগান্তি কমার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য এবং স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে। হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, বিগত দিনে হিলি অনেক অবহেলিত ছিল। বিএনপি সরকার আসার পর উন্নয়ন শুরু হয়ে গেছে। সমাজকল্যাণমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আজ হিলির বিভিন্ন সমস্যার সমাধানে কাজ হচ্ছে।
উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান বলেন, বিএনপি সরকার জনগণের উন্নয়নে বিশ্বাসী। দিনাজপুর-৬ আসনের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের হাত ধরে এ আসনে উন্নয়ন কার্যক্রম এগিয়ে যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের পাঠানো প্রস্তাবের পরিপ্রেক্ষিতে যাত্রীদের চাহিদা এবং রেলওয়ের রাজস্ব আয়ের বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাসরিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালককে নির্দেশনা দেওয়া হয়েছে।