ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ১৭:৫৪ পিএম
ভাঙ্গায় ২৫০ বস্তা সরকারি ডিএপি সারসহ এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করেছে প্রশাসন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে পাচারের অভিযোগে ২৫০ বস্তা সরকারি ডিএপি সারসহ এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করেছে প্রশাসন।
এ সময় সারবোঝাই ট্রাকটি জব্দ করে ভাঙ্গা থানায় নেওয়া হয়েছে। গত বুধবার গভীর রাতে উপজেলার মালিগ্রাম ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।
আটক সার ডিলার একেএম ইলিয়াস হাওলাদার উপজেলার চান্দ্রা ইউনিয়নের সমেদ হাওলাদারের ছেলে এবং মেসার্স হাওলাদার ট্রেডার্সের স্বত্বাধিকারী। তিনি ওই ইউনিয়নের বিসিআইসি অনুমোদিত সার ডিলার।
পুলিশ ও কৃষি বিভাগ সূত্রে জানা যায়, বুধবার রাতে মালিগ্রাম ফ্লাইওভারের নিচে সন্দেহজনকভাবে চলাচলরত সারবোঝাই একটি ট্রাক আটকে দেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানালে উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন ও ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ইকবালের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রশাসন ও পুলিশ সদস্যরা ট্রাকটি তল্লাশি করে ২৫০ বস্তা সরকারি সার পান। এ সময় সার ডিলার ইলিয়াস হাওলাদার ও ট্রাকের হেলপারকে আটক করা হয়। পরে সারবোঝাই ট্রাকসহ তাঁদের ভাঙ্গা থানায় নেওয়া হয়।
ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন বলেন, সারবোঝাই ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ বিষয়ে থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে আটককৃতদের কারাগারে প্রেরণ করা হয়েছে।