গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা, ছেলের পর বাবাকে খুন, প্রকাশ্যে গুলিবর্ষণ ও চাঁদাবাজির ঘটনায় খুলনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রতিপক্ষের পাশাপাশি সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও হামলা ও ছিনতাইয়ের শিকার হচ্ছেন। দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক পুলিশ সদস্যও।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসে মহানগরীতে ৩৮টি হত্যাকাণ্ড ঘটেছে। জেলা ও মহানগর মিলিয়ে এ সংখ্যা ৭১। আইনশৃঙ্খলা-সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, আধিপত্য বিস্তার, মাদক ও অস্ত্রের কারবার, চাঁদাবাজি এবং অপরাধী গ্রুপগুলোর বিরোধ এসব সহিংসতার অন্যতম কারণ।
পাঁচ দিনে দুই খুন, গুলিবিদ্ধ ছয়জন
গত পাঁচ দিনে খুলনায় গুলিতে দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। এ ছাড়া একটি ক্লিনিকে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পৃথক ঘটনায় গুলিবিদ্ধ হন বটিয়াঘাটার জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি অহিদুল ইসলাম বাদল, আমিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল শেখ এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী সালমান হাওলাদার।
গত ২৪ অক্টোবর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের খুলনা সফরের দিনও গুলিবর্ষণের ঘটনা ঘটে। সকালে তেরখাদায় গুলিবিদ্ধ হন যুবদল নেতা রামিম বিশ্বাস (৩২)। সন্ধ্যায় টুটপাড়া গাছতলা মন্দিরের সামনে গুলিবিদ্ধ হন মুদি দোকানি আকাশ কুমার কুণ্ডু (৫৪)। রাত সাড়ে ৯টার পর বাবুখান রোডের সন্ধানী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণ করে মুখোশধারীরা।
এর দুই দিন আগে, ২২ অক্টোবর ১৩ ঘণ্টার ব্যবধানে গুলিতে নিহত হন তাওহিদুল ইসলাম তুষার (৩২) ও খুশি আক্তার (২৫)। ভোরে পূর্ব বানিয়াখামারের আনসার আলী গলির মাথা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে গুলির খোসা ও একটি পরিত্যক্ত মোটরসাইকেল পাওয়া যায়।
একই দিন সন্ধ্যায় লবণচরার জিন্নাহপাড়ায় মায়ের সামনে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে খুন হন দুই সন্তানের জননী খুশি আক্তার। পুলিশের ধারণা, মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ঘটনায় তার বোন হাসি আক্তার শীর্ষ সন্ত্রাসী আশিক, মিরাজ খানসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। তুষার হত্যার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মামলা না হওয়ায় পুলিশ বাদী হয়ে মামলা করে।
ছেলের পর বাবাকেও হত্যা
গত ৫ অক্টোবর রূপসার দুর্জনীমহলে গুলিতে নিহত হন আক্তার ঢালী (৬০)। এর দেড় মাসেরও কম সময় আগে তার ছেলে জয় ঢালীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ছাড়া ৪ অক্টোবর দিঘলিয়ার ফরমাইজখানায় গুলিতে নিহত হন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা নাসিমুল গনি ওরফে নাসিম।
আলোচনায় অন্তত ৯টি অপরাধী গ্রুপ
আইনশৃঙ্খলা-সংশ্লিষ্ট সূত্রের দাবি, খুলনায় অন্তত ৯টি অপরাধী গ্রুপের তৎপরতা রয়েছে। এগুলো হলোÑ রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর বি-কোম্পানি, শেখ পলাশের পলাশ গ্রুপ, হুমায়ুন কবীরের হুমা বাহিনী, আশিক বাহিনী, নূর আজিম গ্রুপ, টেংকি শাওন গ্রুপ, আরমান শেখের আরমান গ্রুপ, শাকিল শেখের শাকিল গ্রুপ এবং নাসিমুল গনির নাসিম গ্রুপ। সূত্রগুলোর দাবি, মাদক ও অস্ত্রের কারবার, জমি ও ঘের দখল, পরিবহন ও ঘাট নিয়ন্ত্রণ, ঠিকাদারি কাজ এবং স্থানীয় আধিপত্য নিয়ে এসব গ্রুপের মধ্যে বিরোধ চলছে।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) গোয়েন্দা তথ্য অনুযায়ী, একসময় নগরীতে ২০০টির বেশি কিশোর গ্যাং সক্রিয় ছিল। পুলিশের ধারণা, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এসব গ্যাংয়ের অনেক সদস্য বড় অপরাধী গ্রুপে যুক্ত হয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্রের দাবি, ২০০৪ সালে তৎকালীন মেয়র শেখ তৈয়েবুর রহমানের গাড়িতে গ্রেনেড হামলার পর রনি চৌধুরীর নামের সঙ্গে ‘গ্রেনেড’ শব্দটি যুক্ত হয়। তার অনুসারীদের গ্রুপটি বি-কোম্পানি নামে পরিচিত। বিদেশ থেকে তিনি এটি পরিচালনা করেন বলে অভিযোগ রয়েছে। নগরীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও মারধরসহ অন্তত ১৭টি মামলা রয়েছে।
একসময় ছাত্রলীগের নেতা হিসেবে পরিচিত শেখ পলাশ ২০২৪ সালের ৫ আগস্টের পর মিস্ত্রিপাড়া, বানরগাতি, আরামবাগ, নিরালা, পশ্চিম বানিয়াখামার, রূপসা, বাগমারা ও সোনাডাঙ্গায় প্রভাব বিস্তার করেন। ২০২৫ সালের ৩০ মার্চ সোনাডাঙ্গায় চার ঘণ্টার অভিযানে অস্ত্রসহ পলাশ ও তার ১০ সহযোগীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এ সময় তার গ্রুপের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোলাগুলিও হয়। পলাশ গ্রেপ্তারের পর অপরাধজগতের সমীকরণ বদলে যায় বলে সূত্রগুলোর দাবি। ওই বছরের ১৭ অক্টোবর কারাগারে দুই গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়।
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, টুটপাড়া, মহিরবাড়ি ও তালতলায় নূর আজিম গ্রুপ; চানমারী, শিপইয়ার্ড রোড ও সাচিবুনিয়ায় আশিক বাহিনী এবং লবণচরা ও জিন্নাহপাড়ায় শাকিল গ্রুপ সক্রিয়। এ ছাড়া দৌলতপুর, মহেশ্বরপাশা, দেয়ানা ও তেলিগাতীতে হুমা, আরমান ও নাসিম গ্রুপের তৎপরতা রয়েছে।
ফেসবুকে শক্তি প্রদর্শন, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ
সামাজিক যোগাযোগ মাধ্যমে দলবদ্ধ ছবি, হুমকি, নির্যাতনের ভিডিও ও বিভিন্ন ঘোষণার মাধ্যমে অপরাধী গ্রুপগুলোর শক্তি প্রদর্শনের অভিযোগ রয়েছে। বি-কোম্পানি পরিচয়ে পরিচালিত ফেসবুক পেজ থেকে খুলনার ১ নম্বর কাস্টমস ঘাটে যাত্রী পারাপারের টোল বা ইজারার টাকা মওকুফের ঘোষণা দেওয়া হয়। গত ২১ মে ধর্ষণবিরোধী প্রতিবাদের সময় একই পেজে ধর্ষক শনাক্ত হলে নিজেদের আদালতে সর্বোচ্চ শাস্তি দেওয়ার ঘোষণাও আসে। এসব তৎপরতার মাধ্যমে আইন নিজের হাতে তুলে নেওয়া বা বিকল্প কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা চলছে কি না, তা তদন্তের দাবি উঠেছে।
গত ৭ অক্টোবর কে ডি ঘোষ রোড থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে অস্ত্রের মুখে তুলে নেওয়ার অভিযোগ ওঠে। প্রায় ৪০ মিনিট পর তিনি ফিরে আসেন। পুলিশের দাবি, ভিডিও ফুটেজে এ ঘটনায় বি-কোম্পানির সদস্যদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।
লাল মিয়া নামে একজনকে আটক করা হলেও ভুক্তভোগী মামলা না করায় তাকে অন্য একটি মামলায় আদালতে পাঠানো হয়। ১২ দিনের মধ্যে তিনি জামিনে মুক্তি পান। ঘটনার কারণ জানতে চাইলে তন্ময় বলেন, এমনি কথা ছিল, তাই গিয়েছিলাম।
চিকিৎসক ও ব্যবসায়ীদের কাছেও চাঁদা দাবির অভিযোগ রয়েছে। সূত্রের দাবি, হার্ট অ্যান্ড হেলথ কেয়ার প্রতিষ্ঠানের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হলে প্রতিষ্ঠানটি প্রায় দেড় মাস বন্ধ ছিল। টুটপাড়া কবরখানা রোডের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কাছেও পাঁচ থেকে ১০ লাখ টাকা করে চাঁদা দাবির অভিযোগ রয়েছে।
পুলিশ সদস্যও ছিনতাইয়ের শিকার
গত ৯ অক্টোবর রাতে অভিযান শেষে ফেরার পথে পুলিশ পরিদর্শক শাহ আলম ছিনতাইয়ের শিকার হন। তার মোবাইল ফোন ও টাকাপয়সা ছিনিয়ে নেওয়ার পর পুলিশ সদস্যদের একা চলাচলের ক্ষেত্রে সতর্ক করা হয়।
খুলনা সদর থানার এএসআই জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের তো একা চলা লাগবে। ডিউটি করা লাগবে, মানুষের নিরাপত্তা দেওয়া লাগবে। সেই সঙ্গে তো আমরা চলছি, আমাদের মনোবল নিয়ে আমরা চলি।
হত্যাকাণ্ডের পরিসংখ্যানে উদ্বেগ
কেএমপির আট থানার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ২৯টি, ২০২৫ সালে ৩৭টি এবং ২০২৬ সালের প্রথম ৯ মাসে ৩০টি হত্যাকাণ্ড ঘটেছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৩৩ মাসে হত্যাকাণ্ডের সংখ্যা ৯৬। অন্যদিকে, কেএমপির অপরাধ শাখার হিসাবে চলতি বছরের প্রথম ১০ মাসে মহানগরীতে ৩৮টি এবং জেলা ও মহানগর মিলিয়ে ৭১টি হত্যাকাণ্ড ঘটেছে।
কেএমপির উপপুলিশ কমিশনার রেজাউর রহমান বলেন, ভুক্তভোগীরা মামলা করছেন না, পুলিশকেও সহযোগিতা করছেন না। দ্রুত জামিনে মুক্তির প্রবণতার পাশাপাশি এসব কারণে অপরাধ নিয়ন্ত্রণ কঠিন হচ্ছে বলে তার দাবি।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) খুলনা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট কুদরত ই খুদার মতে, পুলিশ সদস্যরা এখনও ২০২৪ সালের অভ্যুত্থানের মানসিক অভিঘাত কাটিয়ে উঠতে পারেননি। তাদের কাজে আন্তরিকতারও ঘাটতি রয়েছে। রাজনৈতিক দলগুলোর আচরণেও পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেন তিনি।
খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা বলেন, শাস্তির ভয় না থাকায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। শুধু ফেসবুক পেজ বন্ধ বা সাইবার আইনে মামলা করাই যথেষ্ট নয়। অপরাধীদের অর্থের উৎস ও মদদদাতাদের শনাক্ত করা, সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশের অভ্যন্তরীণ তথ্য পাচার বন্ধে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, আমরা আমাদের জুরিসডিকশনে একটা নির্দিষ্ট সময়ে বা ২৪/৭ আমাদের মতো করে অপারেশন করছি, এসআরবি তাদের মতো করে অপারেশন করছে এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ তাদের মতো করে অপারেশন প্ল্যান করেছে।
এসআরবি-৬-এর উপ-অধিনায়ক নাজমুল হাসান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধী গ্রুপগুলোর তৎপরতা ও হুমকি গোয়েন্দা নজরদারিতে রয়েছে। সাম্প্রতিক হত্যাকাণ্ডের আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রযুক্তির সহায়তায় অভিযান চলছে।
খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের অভিযোগ, পুলিশ সদস্যরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে মানছেন না, অথবা সন্ত্রাসীদের সঙ্গে আপস করছেন। তার ভাষায়, এটা স্বেচ্ছায় করুক আর ভয়ে করুক, এর খেসারত জনগণকে দিতে হচ্ছে।