খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ১০:১৫ এএম
সাজেক। ফাইল ছবি
একসময় পর্যটকের পদচারণায় মুখর থাকত পাহাড়ের সাজেক। রিসোর্ট-কটেজে ছিল অতিথির ভিড়, রেস্তোরাঁয় চলত খাবার পরিবেশনের ব্যস্ততা, আর পর্যটনকে ঘিরে সচল ছিল শত শত মানুষের জীবিকা। সেই সাজেকে এখন নেমেছে নীরবতা। রিসোর্ট-কটেজে নেই অতিথি, রেস্তোরাঁয় নেই চেনা ব্যস্ততা, দোকানেও কমছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ। পর্যটকের অনুপস্থিতিতে বন্ধ হয়ে গেছে বহু মানুষের আয়-রোজগার। এরই মধ্যে খাদ্যপণ্য, জ্বালানি ও জরুরি ওষুধের সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধের সপ্তম দিনে এসে পর্যটননির্ভর ব্যবসায়ী, শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা পড়েছেন বহুমুখী সংকটে। বিশেষ করে কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে কিংবা দুর্ঘটনায় আহত হলে তাকে হাসপাতালে নেওয়ার জন্য যানবাহন ও যোগাযোগব্যবস্থা সচল রাখাও বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। দুর্গম পাহাড়ি জনপদে এ ধরনের পরিস্থিতি দীর্ঘায়িত হলে সবচেয়ে বেশি বিপাকে পড়তে পারেন শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা।
স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের বরাতে জানা গেছে, পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকায় সাজেকের বিভিন্ন এলাকায় চাল, চিনি, ডাল, সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ কমছে। একই সঙ্গে জীবনরক্ষাকারী ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা নিয়ে উদ্বেগ বাড়ছে।
সাজেকের অর্থনীতির বড় অংশই পর্যটননির্ভর। রিসোর্ট-কটেজ, রেস্তোরাঁ, পরিবহন, মুদি দোকানসহ নানা ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছে বহু মানুষের কর্মসংস্থান। কিন্তু অবরোধের কারণে সাজেকে পর্যটকদের যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় এসব প্রতিষ্ঠানের আয় প্রায় থমকে গেছে। অথচ দোকান ভাড়া, প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণ, কর্মচারীদের বেতন ও পারিবারিক ব্যয় থেমে নেই।
রেস্তোরাঁ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন, তার রেস্তোরাঁয় ৮ জন কর্মচারী কাজ করেন। অবরোধের কারণে কার্যত কর্মহীন হয়ে পড়েছেন তারা। রেস্তোরাঁর জন্য কেনা খাদ্যসামগ্রীও নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা জানান, পর্যটক না থাকলেও রিসোর্ট-কটেজে অনেক কর্মচারী অবস্থান করছেন। কিন্তু যানবাহন চলাচল বন্ধ থাকায় তাদের প্রয়োজনীয় পণ্য পৌঁছানো যাচ্ছে না। এতে কর্মচারীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও ভোগান্তিতে পড়ছেন।
সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির তথ্য অনুযায়ী পর্যটন মৌসুমে সাজেকের যে কর্মচাঞ্চল্য স্থানীয় মানুষের আয়ের উৎস হয়ে ওঠে, সেই চিত্র এখন উল্টো। আয় বন্ধ হলেও জীবনযাপনের খরচ বহন করতে হচ্ছে। ফলে ব্যবসায়ীদের পাশাপাশি দিনমজুর, পরিবহন শ্রমিক, রেস্তোরাঁকর্মী ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও পড়েছেন অনিশ্চয়তায়।
সাজেকের সংকট নিরসনে গত ২৬ অক্টোবর স্থানীয় প্রশাসন ও অবরোধকারীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অবরোধকারীদের ৫ দফা দাবি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ৪টি বিষয়ে সমঝোতা হয়। তবে মূল দাবি নিয়ে চূড়ান্ত সমঝোতা না হওয়ায় অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন অবরোধকারীরা। ফলে বৈঠকের পরও সড়ক যোগাযোগ স্বাভাবিক করার বিষয়ে তাৎক্ষণিক সমাধান আসেনি। অবরোধের কারণে পর্যটন, পণ্য পরিবহন ও স্থানীয় জনজীবনে তৈরি হওয়া সংকটও কাটেনি। এ অবস্থায় অবরোধের রাজনৈতিক ও প্রশাসনিক সমাধানের পাশাপাশি সাধারণ মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জোরালো হচ্ছে। বিশেষ করে খাদ্যপণ্য, জীবনরক্ষাকারী ওষুধ ও চিকিৎসাসামগ্রী পৌঁছাতে মানবিক বিবেচনায় কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
সাজেকের ব্যবসায়ীরা চান দ্রুত স্বাভাবিক হোক পর্যটন ও পরিবহনব্যবস্থা। আর স্থানীয় বাসিন্দাদের প্রধান উদ্বেগ-দীর্ঘস্থায়ী অচলাবস্থায় নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জরুরি চিকিৎসা থেকে যেন তারা বঞ্চিত না হন। সংকট দীর্ঘায়িত হলে আর্থিক ক্ষতির পাশাপাশি জনস্বাস্থ্য ও জনজীবনেও এর প্রভাব আরও গভীর হতে পারে।