বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত পুরনো নেতাদের অবমূল্যায়ন করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান শ্রী বিজন কান্তি সরকার।
একই সঙ্গে নিরপেক্ষ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদেরও সঙ্গে নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
বুধবার রাতে চট্টগ্রাম নগরের জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ মহানগরের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজন কান্তি সরকার বলেন, আমরা যারা আগে থেকেই বিএনপির সঙ্গে সম্পৃক্ত ছিলাম, তাদের যেন কোনো অবমূল্যায়ন না হয়, তারা যেন প্রাপ্য মূল্যটা পান। তবে এর বাইরে থাকা নিরপেক্ষ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদেরও সঙ্গে নিতে হবে। তাদের তো এখন আর কোনো জায়গা নেই।
তিনি বলেন, এসব মানুষ ভোট দিয়েছেন, তাই সেই ভোট অক্ষুণ্ন রাখার চেষ্টা করতে হবে। এজন্য তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। তাদের শুধু রাজনৈতিক নয়, সামাজিক মূল্যও আছে। তবে কোনো ক্রিমিনাল থাকলে তাকে নেওয়া হবে না।
তিনি আরও বলেন, রাজনীতি মানেই হচ্ছে, আপনি ভোটে দাঁড়াবেন, পাস করবেন, পাস করার পরে সবার মানুষ হবেন। দলের আদর্শ বাস্তবায়নের পাশাপাশি রাষ্ট্র ও জনগণের দায়িত্ব পালন করতে হবে সবাইকে নিয়ে কাজ করাই ইনক্লুসিভ রাজনীতি বলে।
গণতন্ত্র প্রসঙ্গে বিজন কান্তি সরকার বলেন, গণতান্ত্রিক পরিবেশ না থাকলে কিছুই পাওয়া যাবে না। প্রধানমন্ত্রীও গণতন্ত্র চান বলেই গণতান্ত্রিক পরিস্থিতি ফিরিয়ে এনেছেন।
সংগঠনের কমিটি গঠন প্রসঙ্গে তিনি জানান, ভয়াবহ পরিস্থিতির কারণে সারা দেশে সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন সম্ভব হয়নি। বর্তমানে পরিস্থিতি ভালো থাকায় সবাইকে নিয়ে কাজ করা হবে। কমিটিতে কেউ সুযোগ পাবেন, কেউ পাবেন না উল্লেখ করে নেতাকর্মীদের মন খারাপ না করার আহ্বান জানান তিনি।
সভায় কল্যাণ ফ্রন্ট চট্টগ্রামের যুগ্ম মহাসচিব অর্জুন কুমার নাথের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম। এ ছাড়া বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুশীল বড়ুয়া এবং সাবেক ট্রাস্টি চন্দ্র গুপ্ত বড়ুয়াসহ ফ্রন্টের নেতারা।