× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

এমএ মামুন, দেবহাটা (সাতক্ষীরা)

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ২২:৪৯ পিএম

দেবহাটার খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে ফাটল, ছাদে ছিদ্র ও পলেস্তারা খসে পড়ার পাশাপাশি বৃষ্টি হলেই শ্রেণিকক্ষে পানি জমে সৃষ্টি হচ্ছে ভোগান্তি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেবহাটার খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে ফাটল, ছাদে ছিদ্র ও পলেস্তারা খসে পড়ার পাশাপাশি বৃষ্টি হলেই শ্রেণিকক্ষে পানি জমে সৃষ্টি হচ্ছে ভোগান্তি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। দেয়ালে ফাটল, ছাদে ছিদ্র ও পলেস্তারা খসে পড়ার পাশাপাশি বৃষ্টি হলেই শ্রেণিকক্ষে পানি জমে সৃষ্টি হচ্ছে ভোগান্তি। এতে আতঙ্কে রয়েছে বিদ্যালয়ের প্রায় ২৬০ জন শিক্ষার্থী।

শিক্ষকদের অভিযোগ, ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ ও নতুন ভবন নির্মাণের জন্য গত তিন বছর ধরে বিভিন্ন দপ্তরে আবেদন করেও কার্যকর সমাধান মেলেনি। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কায় দ্রুত নিরাপদ শ্রেণিকক্ষ নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৪১ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ২৬০ জন শিক্ষার্থী ও নয়জন শিক্ষক রয়েছেন। বিদ্যালয়ের তিনটি ভবনের মধ্যে দুটি জরাজীর্ণ। বিশেষ করে ১৯৭৪ সালে নির্মিত টিনশেড ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। 

শিক্ষার্থীরা জানায়, শ্রেণিকক্ষে বসে পাঠ নেওয়ার সময় দেয়ালের ফাটল ও ছাদ থেকে পানি পড়া দেখে তাদের ভয় হয়। বৃষ্টির সময় মেঝে পিচ্ছিল হয়ে যাওয়ায় চলাচলেও সমস্যা হয়। 

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোহাব্বতুন্নেসা জানান, ক্লাস চলাকালে একদিন হঠাৎ একটি ফ্যান খুলে পড়ে যায়। সৌভাগ্যক্রমে এতে কেউ হতাহত হয়নি। ভবনের দেয়ালে পেরেক ঠুকলেও পলেস্তারা খসে পড়ে। এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তার বিবেচনায় নতুন ভবন নির্মাণ জরুরি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ মুছা বলেন, তিনটি ভবনের মধ্যে দুটি নাজুক অবস্থায় রয়েছে। বিশেষ করে টিনশেড ভবনটি দ্রুত অপসারণ করা প্রয়োজন। ঝুঁকিপূর্ণ ভবনের দুটি কক্ষে প্রাক-প্রাথমিকের ৩১ জন এবং তৃতীয় শ্রেণির ৫৩ জন শিক্ষার্থীর পাঠদান চলছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। গত তিন বছর ধরে বিভিন্ন দপ্তরে আবেদন করেও কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি।

স্থানীয় সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, ভবন সংকটের পাশাপাশি বর্ষা মৌসুমে বিদ্যালয়ের মাঠে পানি জমে থাকায় পাঠদান ও স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।

সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন জানান, জেলায় ১ হাজার ৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রায় ২৫০টি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব বিদ্যালয়ে প্রায় ৩৬ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলোর নতুন ভবন নির্মাণের জন্য অগ্রাধিকার তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পিইডিপি-৫ প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে ভবন নির্মাণের আশা করা হচ্ছে। পাশাপাশি জরুরি সংস্কার ও বিকল্প পাঠদানের ব্যবস্থা নিশ্চিত করতে তালিকা তৈরি করা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা