গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ২১:০৯ পিএম
বাউবির ‘ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং’ (আইটিভিইটি) উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শুধু সনদ প্রদান নয়, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ, কর্মমুখী দক্ষতা অর্জন এবং জীবনব্যাপী শিক্ষার সুযোগ নিশ্চিত করাই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মূল লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে বাউবির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের গত ৩৪ বছরের অর্জন, শিক্ষার মান, শিক্ষার্থীদের দক্ষতা এবং কর্মক্ষেত্রে তাদের অবদান নির্ভরযোগ্য তথ্য-উপাত্তের ভিত্তিতে মূল্যায়ন করা প্রয়োজন। প্রচলিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতার পরিবর্তে উন্মুক্ত ও দূরশিক্ষার নিজস্ব বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে আধুনিক, প্রযুক্তিনির্ভর, কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি। পাঠ্যক্রম ও মূল্যায়ন পদ্ধতির মানোন্নয়ন, পরীক্ষায় অনিয়ম ও নকল প্রতিরোধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যথাযথ ব্যবহারের ওপরও গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, দেশের বিপুল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি ও কর্মসংস্থানমুখী শিক্ষার সুযোগ বাড়াতে হবে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান অবকাঠামো ও প্রযুক্তিগত সুবিধার কার্যকর ব্যবহার, আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ এবং গবেষণাভিত্তিক পরিকল্পনা প্রয়োজন। শিক্ষামন্ত্রী বাউবির ‘ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং’ (আইটিভিইটি) উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেন, ৩৪ বছরের পথচলায় বিশ্ববিদ্যালয়টি একটি একাডেমিক প্রোগ্রাম থেকে বর্তমানে ৫৫টি প্রোগ্রাম পরিচালনাকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাই সংখ্যাগত সম্প্রসারণের পাশাপাশি শিক্ষার গুণগত মান বাড়ানো এবং শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই হবে বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। সকাল ১০টায় জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা ও সাতটি স্কুলের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।