প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ২০:৪১ পিএম
প্রতিকী ছবি
রংপুরের মিঠাপুকুরে ডাম্প ট্রাকে নৈশকোচের ধাক্কায় চারজন এবং নারায়ণগঞ্জের বন্দরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা ও ছেলে মারা গেছেন।
অন্যদিকে শেরপুর, দিনাজপুর, গোপালগঞ্জ ও কক্সবাজারে চারজন মারা গেছেন। নিহতদের মধ্যে প্রবাসী, ব্যবসায়ী, চালক ও শিশু রয়েছে। অফিস ও প্রতিবেদকদের পাঠানো খবরÑ
মিঠাপুকুর (রংপুর) : জেলার মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী নৈশকোচের সজোরে ধাক্কায় চারজন মারা গেছেন। এ দুর্ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে আরও ১২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে মিঠাপুকুর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বৈরাগীগঞ্জ মাজার মসজিদের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও তিনজন। নিহতরা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আলমগীর হোসেন (৪৫), মোজাফফর হোসেন (৩৫) ও তার বোন গোলাপী (৩২) এবং বাসের হেলপার আপেল (২৮)।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী খান এক্সপ্রেস নামের নৈশকোচটি বৈরাগীগঞ্জ মাজার মসজিদ এলাকায় পৌঁছালে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে বড়দরগা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালায়।
এ বিষয়ে বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করেছি। আরও ২০ জন আহত ছিলেনÑ এদের মধ্যে জানতে পারলাম হাসপাতালে চিকিৎসাধীন আরো তিনজন মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা চারজনে দাঁড়াল। আহত ২০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের বন্দরে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা ও ছেলে মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওডালা বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গাইবান্ধা জেলার উত্তর খাগুরা গ্রামের শফিকুল ইসলাম (৩৫) ও তার চার বছর বয়সী ছেলে বিপুল। কাঁচপুর হাইওয়ে পুলিশের এসআই শফিউল আলম বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে উল্টোপথে আসা সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শফিকুল ইসলাম ও তার ছেলে বিপুল দুর্ঘটনার কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। সংঘর্ষে আরও পাঁচজন আহত হয়েছে। পুলিশ জানায়, দুর্ঘটনার পর সিমেন্টবোঝাই ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে। বাসটিকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শেরপুর : শেরপুর সদরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুয়েল মিয়া (৪১) নামের এক প্রবাসী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। মঙ্গলবার রাত ৯টার দিকে শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের শেরপুর সদর উপজেলার জোড়া পাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল মিয়া নকলার বারমাইসা খিচা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলে প্রবাসী হিসেবে কর্মরত ছিলেন তিনি।
শেরপুর সদর থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ৯টার দিকে শেরপুর-ঢাকা মহাসড়কের হাওরাখান বাড়ি এলাকার মমিন মেম্বারের বাড়ির সামনে দুর্ঘটনাটি ঘটে।
চিরিরবন্দর (দিনাজপুর) : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ খলিলুর রহমান (৭০) বাসের ধাক্কায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। বুধবার দুপুর ১২টায় সৈয়দপুর-দশমাইল মহাসড়কের রানীরবন্দরে বাজারের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আলহাজ খলিলুর রহমান খানসামা উপজেলার কুমুড়িয়া গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে। তিনি এলাকায় ‘খলিল হাজী’ নামে পরিচিত ছিলেন। দিনাজপুরের দশমাইল হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক আতিক দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।
গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় হামিম মল্লিক (২২) নামের এক মোটরসাইকেল চালক মারা গেছেন। বুধবার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা ইউনিয়নের মিল্টন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হামিম মল্লিক গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকার ইলিয়াস মল্লিকের ছেলে। ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক ফজলু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে খুলনাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক হামিম মল্লিক মারা যান।
রামু (কক্সবাজার) : কক্সবাজারের রামুতে ইজিবাইকের ধাক্কায় শবনম ফারিয়া মাহি (৭) নামের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে। বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার রাজারকুল ইউনিয়নের পাঞ্জেখানা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহি রামকুট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং একি ইউনিয়নের ঢালারমুখ এলাকার মালয়েশিয়াপ্রবাসী আবসার কামালের মেয়ে। রামু থানার ওসি এ কে ফজলুল হক জানান, দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করেছেন।