× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড

মায়ের কবরের পাশে দাফন নাহিদুর রহমান, স্ত্রী ও দুই সন্তান

যশোর প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ২০:৪১ পিএম

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬ ২১:১৩ পিএম

মায়ের কবরের পাশে দাফন নাহিদুর রহমান, স্ত্রী ও দুই সন্তান

কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত নাহিদুর রহমান, তার স্ত্রী আফসানা মতিন তানজী এবং তাদের দুই শিশু সন্তান রোজাইনা ইনায়া ও মুনাইনা ইহানার দাফন সম্পন্ন হয়েছে।

যশোরের মনিরামপুর পৌর এলাকার মোহনপুর গ্রামের বাঁধাঘাট ঈদগাহ মাঠে বুধবার বিকাল ৩টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

সেখানে নাহিদুর রহমানের মায়ের কবরের পাশে পাশাপাশি চিরনিদ্রায় শায়িত হন পরিবারের চার সদস্য।

একসঙ্গে পরিবারের চার সদস্যকে হারিয়ে শোকে স্তব্ধ স্বজনেরা। তাদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে মোহনপুর গ্রামের পরিবেশ। প্রতিবেশীদের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া।

নিহত নাহিদুর রহমানের বড় ভাই জাহিদুর রহমান জানান, ১৭ অক্টোবর সকাল ৭টার দিকে কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর থেকে তার ছোট ভাই নাহিদুর রহমান (৪১), ভাইয়ের স্ত্রী আফসানা মতিন তানজী (৩৬) এবং তাদের দুই সন্তান রোজাইনা ইনায়া (৭) ও মুনাইনা ইহানার (৩) খোঁজ পাওয়া যাচ্ছিল না। ওই দিনই রিসোর্টের একটি কক্ষ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

পরদিন স্বজনেরা কক্সবাজারে গিয়ে মরদেহগুলো তাদের পরিবারের সদস্যদের বলে ধারণা করেন। তবে অগ্নিদগ্ধ হওয়ায় দেখে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হয়।

দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটে ২৭ অক্টোবর বিকালে। কক্সবাজার সদর হাসপাতালের মর্গ থেকে চারজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় জেলা প্রশাসক আবদুল মান্নান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার সাজেদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিহতদের চাচাতো ভাই খালিদ হোসেন জানান, মরদেহ হস্তান্তরের সময় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

অ্যাম্বুলেন্সে করে বুধবার ভোরে চারজনের মরদেহ গ্রামের বাড়ি মোহনপুরে আনা হয়।

তাদের দাফনের জন্য নাহিদুর রহমানের মায়ের কবরের পাশে পাশাপাশি চারটি কবর খোঁড়া হয়। এরপর বিকাল ৩টায় জানাজা শেষে সেখানেই তাদের দাফন করা হয়।

একই পরিবারের চারজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো মোহনপুর গ্রামে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা