টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ২০:৩১ পিএম
কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি টেকনাফে আদালত চালুর উদ্যোগের কথা বলেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সীমান্তে সার পাচার, পাহাড়কেন্দ্রিক অপহরণ, মাদক ও মানবপাচার রোধে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।
এসব অপরাধ নিয়ন্ত্রণে পাহাড়ে সেনা চৌকি স্থাপনের কাজ চলছে। পাশাপাশি স্থানীয় মানুষের দুর্ভোগ কমাতে টেকনাফে আদালতের কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
বুধবার টেকনাফ পৌরসভার বাসস্টেশনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি
এসব কথা বলেন।
শাহজাহান চৌধুরী বলেন, টেকনাফ থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় ১০০
কিলোমিটার। মামলা-সংক্রান্ত কাজে জেলা সদরে যাতায়াত করতে গিয়ে স্থানীয় মানুষকে ভোগান্তিতে
পড়তে হয়। বিশেষ করে অসচ্ছল মানুষের যাতায়াত ও অন্যান্য খরচ বহন করতে গিয়ে দুর্ভোগ পোহাতে
হয়। তাদের কষ্টের কথা বিবেচনা করে আগামী কয়েক মাসের মধ্যে টেকনাফে আদালত বসিয়ে মামলা-সংক্রান্ত
কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।
সীমান্তে সার পাচার বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন,
‘সার পাচারের সঙ্গে যারা জড়িত, তাদের কেউ রেহাই পাবে না। কোনো সার ডিলারও যদি এসব পাচারের
সঙ্গে জড়িত থাকেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সীমান্তে যাতে কোনো ধরনের চোরাচালান
না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে।
পাহাড়কেন্দ্রিক অপরাধ প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, অপহরণ, মাদক ও
মানব পাচার রোধে পাহাড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। এ লক্ষ্যে সেনা চৌকি স্থাপনের
কাজ চলছে।
উখিয়ার ইনানীতে গ্যাসের সম্ভাব্য সন্ধানের বিষয়ে তিনি বলেন, গভীর
নলকূপ স্থাপন করতে গিয়ে সেখানে গ্যাসের সন্ধান পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সম্ভাবনা
বাস্তব হলে ওই এলাকা থেকে গ্যাস উৎপাদন করা যেতে পারে।
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে শাহজাহান চৌধুরী বলেন, রোহিঙ্গাদের
সম্মানের সঙ্গে নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার দ্রুতগতিতে কাজ করছে। এছাড়া নাফ
নদীতে মাছ শিকারের সুযোগ উন্মুক্ত করা এবং পর্যটকদের জন্য সেন্টমার্টিন দ্বীপ খুলে
দেওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি।
তিনি বলেন, সেন্টমার্টিনের প্রায় ১০ হাজার মানুষ পর্যটন খাতের ওপর
নির্ভরশীল। পর্যটকদের যাতায়াতের দূরত্ব কমানো এবং টেকনাফে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে
টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজ চালুর উদ্যোগ নেওয়া হবে আগামীতে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ তুলে সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী
সাধারণ মানুষের মতো জীবনযাপন করছেন। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্যসেবা নিশ্চিত
করাসহ দেশের মানুষের কল্যাণে তিনি কাজ করে যাচ্ছেন।
নিজের কর্মপরিকল্পনা তুলে ধরে শাহজাহান চৌধুরী বলেন, ‘আমি কম কথা
বলি, কাজ করি বেশি।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাসান ছিদ্দিকী,
সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক ও যুবদলের সভাপতি
আবদুল কাইয়ুমসহ স্থানীয় নেতাকর্মীরা।