× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পৃথক ঘটনায় প্রতিপক্ষের হাতে চারজন খুন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ২০:১৩ পিএম

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬ ২০:২৩ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

লক্ষ্মীপুর, চট্টগ্রাম, যশোর ও গাজীপুরে প্রতিপক্ষের হাতে ব্যবসায়ী, কৃষক, যুবক, পোশাক শ্রমিকসহ চারজন খুন হয়েছেন। অন্যদিকে টাঙ্গাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে। অফিস ও প্রতিবেদকদের পাঠানো খবরÑ

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন ডেকে নিয়ে খোরশেদ আলম (৫০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। তারা হলেন ইব্রাহিম ছুট্টু ও মাসুদ রানা। 

বুধবার দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খানের বাড়িতে এ ঘটনা ঘটে।

এদিকে খোরশেদের মৃত্যুতে হাসপাতাল এলাকায় তার স্ত্রী-মেয়ে ও স্বজনদের আহাজারি করতে দেখা যায়। তারা এ হত্যাকাণ্ডের বিচার চেয়ে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। নিহত খোরশেদ দিলসাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে ও পেশায় মাটি ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। 

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন। 

চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্যহাতির আক্রমণ থেকে পাকা ধানক্ষেত রক্ষায় পাহারা দিতে গিয়ে নেজাম উদ্দিন (৫০) নামের এক কৃষক খুন হয়েছেন। বুধবার সকালে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল কালিছড়ি ব্রিজ এলাকায় সড়কের ওপর থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় তার কনুই থেকে বিচ্ছিন্ন দুটি হাত লাশের পাশেই পড়ে ছিল। নিহত নেজাম উদ্দিন সরফভাটা ইউনিয়নের মীরেরখীল স্লুইসগেট এলাকার রফু মিয়ার ছেলে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো. হিলাল উদ্দিন আহমেদ খুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ দেখে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কেটে নেজামের দুই হাত বিচ্ছিন্ন করেছে। দুই হাত কনুই পর্যন্ত কেটে ফেলায় দীর্ঘক্ষণ রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। শরীরের আর কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কী কারণে ও কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে। দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

যশোর : যশোরের ঝিকরগাছায় জমি-জায়গার বিরোধের জের ধরে আশিকুজ্জামান (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার সোনাকুড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশিকুজ্জামান সোনাকুড় গ্রামের আছির উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রের প্যাথলজি বিভাগে কর্মরত ছিলেন।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা পর একজনকে গ্রেফতার করা হয়েছে।

গাজীপুর : কারখানা ছুটির পর বাসায় ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক কার্তিক (২৭) মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বড়বাড়ী এলাকার এ ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত পোশাক শ্রমিক কার্তিক কুনিয়া (তারগাছ) এলাকার ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল পোশাক কারখানায় ফিনিশিং অপারেটর হিসেবে চাকরি করতেন।

ঘাটাইল (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ঘাটাইলে মহাসড়ক থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে টাঙ্গাইলের ঘাটাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে ঘাটাইল থানার সাব-ইন্সপেক্টর নাজিম উদ্দিন জানান, নিহত নারীর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালে পাঠানো হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা