চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ১৯:৫৪ পিএম
আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গুঁড়াসহ চারজনকে আটক করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গুঁড়াসহ চারজনকে আটক করেছে পুলিশ।
এ সময় পাঁচটি ট্যাপেন্টাডল ট্যাবলেট, এক গ্রাম ট্যাবলেটের গুঁড়া ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানও রয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের মো. সজিবের একতলা আধাপাকা বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বুধবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আলমডাঙ্গা থানা-পুলিশ জানায়, এসআই (নিরস্ত্র) এসএম নিয়ামুল হকের নেতৃত্বে সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গুঁড়ার পাশাপাশি মাদক সেবনে ব্যবহৃত গ্যাস লাইট, সিগারেট, চামচ ও চপস্টিকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- আলমডাঙ্গা উপজেলার খেজুরতলা গ্রামের মৃত ফকির মণ্ডলের ছেলে ও নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান (৫৫) এবং মো. রেজাউল হকের ছেলে জাহাঙ্গীর আলম (২৭), বেলগাছি গ্রামের শাখের আলী মালিথার ছেলে শরিফুল মালিথা (৪৪) ও আব্দুর রহিমের ছেলে সৈকত আহম্মেদ (২১)। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলমডাঙ্গা থানায় সামারি ট্রায়াল প্রসিকিউশন দায়ের করে আজ দুপুরে চারজনকে আদালতে সোপর্দ করা হয়।