ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ১৯:৪১ পিএম
ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার কৌশলও প্রদর্শন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘হাত ধোয়ার নায়ক হোন’প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও হাত ধোয়ার কৌশল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাত ধোয়ার কৌশল প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের হাত ধোয়ার সঠিক নিয়ম, কখন এবং কেন হাত ধুতে হবে, সে বিষয়ে সচেতন করা হয়। এ সময় সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার কৌশলও প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস বিভিন্ন রোগজীবাণুর সংক্রমণ থেকে সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে কোভিড-১৯ মহামারির সময় হাত ধোয়ার গুরুত্ব আরও স্পষ্ট হয়েছে। সুস্থ থাকতে দৈনন্দিন জীবনে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার বিকল্প নেই।
প্রধান অতিথি অমৃত দেব নাথ বলেন, বিশ্ব হাত ধোয়া দিবস পালনের মাধ্যমে উপজেলার শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়বে। তিনি মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং রোগজীবাণুর সংক্রমণ থেকে রক্ষা পেতে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সেকবর আলীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আহসান হাবীব, আইসিটি কর্মকর্তা আশরাফুল আলম, জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, ভূরুঙ্গামারী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ হোসেন ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এফ কে আশিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।