প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ১৯:২৯ পিএম
প্রতিকী ছবি
গোপালগঞ্জে শিশু তালহা হত্যা মামলায় দুজনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন, হবিগঞ্জে শাশুড়ি হত্যায় জামায়াত নেতার যাবজ্জীবন এবং চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। বুধবার মামলাগুলোর রায় ঘোষণা করা হয়। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
গোপালগঞ্জ : গোপালগঞ্জে চাঞ্চল্যকর শিশু তালহা হত্যা মামলায় আমিন উদ্দিন ও শিহাব মোল্লা নামে দুই আসামিকে ফাঁসি দিয়েছেন আদালত। একই মামলায় অন্য এক আসামিকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সাজা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে গোপালগঞ্জ শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এ ছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শাওন মোল্লা পলাতক রয়েছেন। মামলার অন্য আসামি লেয়াকত আলী মোল্লাকে খালাস দিয়েছেন আদালত।
মামলার বাদী ও ভিকটিমের পিতা মনজুরুল ইসলাম রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন তৌফিকুল ইসলাম এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন এম জুলকদর রহমান।
হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে নিয়ে শাশুড়িকে হত্যার দায়ে জামাতার যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। বুধবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাঁকন দে এ রায় দেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তি জেলার মাধবপুর উপজেলার তুলশীপুর (অলিপুর) গ্রামের ইউনুছ আলীর ছেলে অলিউর রহমান অলি। রায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ৬ মাসের সাজা দেওয়া হয়। আদালতের স্টেনোগ্রাফার মুখলেছুর রহমান যাবজ্জীবন সাজার বিষয়টি নিশ্চিত করেন। রাষ্ট্রপক্ষে এই মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি গুলজার আহমেদ খান। তিনি জানান, রাষ্ট্রপক্ষ মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং রাষ্ট্রপক্ষ এই ধরনের হত্যা মামলা পরিচালনায় ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় শফিউল্লাহ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম সাজা দেওয়া হয়। বুধবার দুপুরে চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শফিউল্লাহ আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর দক্ষিণপাড়ার মৃত জালাল উদ্দীনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম বলেন, এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।