রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ১৯:১৫ পিএম
রাজারহাট উপজেলার ৭ নম্বর নাজিমখান ইউনিয়ন পরিষদে আরআরএমইপি প্রকল্পের আওতায় লটারির মাধ্যমে নির্বাচিত নারীকর্মীসহ সংশ্লিষ্টরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান (আরআরএমইপি) প্রকল্পের আওতায় লটারির মাধ্যমে নারীকর্মী বাছাই করা হয়েছে।
উপজেলার প্রতিটি ইউনিয়নে ১০ জন করে নারীকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। এর মধ্যে ছয়টি ইউনিয়নে নিয়োগ কার্যক্রম শেষ হয়েছে। বাকি ছিনাই ইউনিয়নে আজ বৃহস্পতিবার নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বুধবার উপজেলার ৭ নম্বর নাজিমখান ইউনিয়ন পরিষদে লটারির মাধ্যমে ১০ নারীকর্মী বাছাই করা হয়। নিয়োগপ্রক্রিয়ায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্য থেকে স্বচ্ছতার সঙ্গে কর্মী নির্বাচনের লক্ষ্যে এ লটারি অনুষ্ঠিত হয়।
২০২৬-২০২৭ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরআরএমইপি প্রকল্পের আওতায় উপজেলার ইউনিয়নগুলোতে সড়ক রক্ষণাবেক্ষণের জন্য নারীকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে গত ১৭ অক্টোবর উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, অস্থায়ী ভিত্তিতে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত কর্মীদের নিয়োগ দেওয়ার কথা রয়েছে।
নাজিমখান ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে লটারির মাধ্যমে নির্বাচিত ১০ নারীকর্মী হলেনÑ ১ নম্বর ওয়ার্ডের শান্তনা রানী, ২ নম্বর ওয়ার্ডের মর্জিনা বেগম, ৩ নম্বর ওয়ার্ডের রাবেয়া বেগম, ৪ নম্বর ওয়ার্ডের শাহেমা বেগম, ৫ নম্বর ওয়ার্ডের শেফালী বেগম, ৬ নম্বর ওয়ার্ডের রিনা আক্তার, ৭ নম্বর ওয়ার্ডের ববিতা খাতুন, ৮ নম্বর ওয়ার্ডের মমেনা বেগম ও লাকী বেগম এবং ৯ নম্বর ওয়ার্ডের সাধনা রানী।
নিয়োগের শর্ত অনুযায়ী, নির্বাচিত কর্মীরা দৈনিক ৩০০ টাকা হারে মজুরি পাবেন। এর মধ্যে বাধ্যতামূলকভাবে ১০০ টাকা তাদের ব্যাংক হিসাবে সঞ্চয় হিসেবে জমা রাখা হবে। ফলে দৈনিক মজুরির বাকি ২০০ টাকা তারা হাতে পাবেন।
উপজেলা প্রকৌশলী এজহারুল হক, নাজিমখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক পাটোয়ারী নয়া, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।