মদন (নেত্রকোণা) প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ১৯:১১ পিএম
মদন উপজেলায় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, ভেজা বালু দিয়ে কাজ এবং বিদ্যালয় পরিচালনা কমিটিকে না জানিয়ে কাজ শেষ করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নেত্রকোণার মদন উপজেলায় মগড়া নদীর ভাঙন থেকে বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয় রক্ষায় নেওয়া প্রতিরক্ষা প্রকল্পের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, ভেজা বালু দিয়ে কাজ এবং বিদ্যালয় পরিচালনা কমিটিকে না জানিয়ে কাজ শেষ করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার দুপুরে বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে মগড়া নদীর ভাঙনের ঝুঁকিতে রয়েছে। বিদ্যালয়টি রক্ষায় সরকার প্রতিরোধমূলক প্রকল্প হাতে নেওয়ায় স্থানীয়রা প্রথমে আশাবাদী হলেও কাজের মান নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয়দের দাবি, কাজ শুরুর বিষয়ে বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ কাউকে যথাযথভাবে অবহিত করা হয়নি। তদারকির অভাবে ঠিকাদার নিম্নমানের সামগ্রী ও ভেজা বালু ব্যবহার করছেন, ফলে কাজের স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়টি রক্ষার খবরে আমরা খুশি হয়েছিলাম। কিন্তু যেভাবে কাজ হচ্ছে, তাতে এক বর্ষাও টিকবে না। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই।’
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘এ বিষয়ে ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মানববন্ধনে বক্তারা প্রকল্পের কাজের মান যাচাই, বরাদ্দ ও ব্যয়ের হিসাব প্রকাশ এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।