× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৈকতে প্লাস্টিক দূষণ রোধে ১২ বর্জ্যমানবের ব্যতিক্রমী প্রচারণা

তাহজীবুল আনাম, কক্সবাজার

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ১৮:৫৬ পিএম

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে সাগর থেকে কুড়িয়ে আনা বিভিন্ন ধরনের বর্জ্য দিয়ে ‘বর্জ্যমানব’ সাজেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে সাগর থেকে কুড়িয়ে আনা বিভিন্ন ধরনের বর্জ্য দিয়ে ‘বর্জ্যমানব’ সাজেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কারও পুরো শরীর ঢেকে আছে বোতল, মগ, ছোট বালতিসহ প্লাস্টিকের নানা পণ্যে। কারও শরীরজুড়ে প্লাস্টিকের থালা। কেউ আবার পরে আছেন নানা ধরনের ইলেকট্রনিক বর্জ্য।

এমন ১২ ‘বর্জ্যমানব’কে ঘিরে কক্সবাজার সমুদ্রসৈকতে তৈরি হয়েছে কৌতূহল। তাদের দেখতে ভিড় করছেন নানা বয়সী পর্যটক। কেউ ছবি তুলছেন, কেউ মুঠোফোনে ধারণ করছেন ভিডিও।

বুধবার সকাল ৮টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে দেখা যায় এমন দৃশ্য। সাগর ও পরিবেশদূষণ নিয়ে পর্যটকদের সচেতন করতে ব্যতিক্রমী এই উদ্যোগ নেয় বিদ্যানন্দ ফাউন্ডেশন। সাগর থেকে কুড়িয়ে আনা বিভিন্ন ধরনের বর্জ্য দিয়ে ‘বর্জ্যমানব’ সাজেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।

প্লাস্টিক ও পরিবেশদূষণ সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে সকালে সৈকতের লাবণী পয়েন্ট থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে দুই শতাধিক শিক্ষার্থী, পরিবেশকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ ছিলেন ১২ ‘বর্জ্যমানব’। তাদের মুখে ছিল বিভিন্ন সচেতনতামূলক বার্তা: সৈকত আমাদের অমূল্য সম্পদ, সৈকতের সৌন্দর্য উপভোগ করুন, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলবেন না, প্লাস্টিক ব্যবহারে সচেতন হোন।’

শোভাযাত্রায় নেতৃত্ব দেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান। তিনি বলেন, গত ১০ দিনে অন্তত ১০ লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণ করেছেন। পর্যটকদের ব্যবহৃত প্লাস্টিকসহ বিভিন্ন বর্জ্য সাগরে গিয়ে দূষণ সৃষ্টি করছে। এ কারণে প্লাস্টিক বর্জ্য না ফেলতে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের পরিচালক জামাল উদ্দিন বলেন, সৈকতে বেড়াতে আসা অনেক মানুষ বালুচরে ময়লা-আবর্জনা ফেলে যান। এর মধ্যে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ বেশি। এসব বর্জ্য সাগরের পানিতে ছড়িয়ে পড়ায় দূষণ বাড়ছে। 

তিনি বলেন, প্লাস্টিক বর্জ্য পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর কতটা নেতিবাচক প্রভাব ফেলে, তা মানুষের সামনে তুলে ধরতেই ১২ নারী-পুরুষকে বর্জ্যমানব হিসেবে সাজানো হয়েছে। তাদের মাধ্যমে পর্যটকদের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করা হচ্ছে।

এর আগে গত ১২ অক্টোবর কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে বর্জ্য দিয়ে নির্মিত ৫০ ফুট উচ্চতার একটি ভাস্কর্য উদ্বোধন করা হয়। বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে নির্মিত ওই ভাস্কর্যটিও প্লাস্টিকসহ বিভিন্ন বর্জ্য ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরছে। প্রতিদিন হাজারও পর্যটক বালিয়াড়িতে দাঁড়িয়ে থাকা ভাস্কর্যটি দেখতে ভিড় করছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা