ফরিদপুর প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ১৭:৪৭ পিএম
ফার্মেসীতে নকল ওষুধ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফরিদপুরের সদরপুর উপজেলায় ওষুধের দোকানগুলোতে নকল ও নিন্মমানের ওষুধ বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সদরপুর বাজার ও হাসপাতালের সামনে কতিপয় অসাধু ওষুধ ব্যবসায়ীরা বিভিন্ন কোম্পানীর নকল ও নিন্মমানের ওষুধ বিক্রি করে আসছে এমন খবরে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারটি ফার্মেসীকে জরিমানা করা হয়। অভিযানের খবরে বেশ কয়েকটি ফার্মেসী তাৎক্ষনিকভাবে বন্ধ করে চলে যান ব্যবসায়ীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বাজার ও হাসপাতাল সংলগ্ন এলাকায় প্রায় ৫০টি ওষুধের ফার্মেসী রয়েছে। এসব ফার্মেসীতে নকল ও নিন্মমানের বিভিন্ন ওষুধ বিক্রি হয়ে থাকে। দীর্ঘদিন ধরে এমন অভিযোগ রয়েছে বলে জানান স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের তদারকি না থাকা এবং উদাসিনতার কারণেই বেশ কিছু ফার্মেসীতে মেয়াদউত্ত্রীর্ণ, অনুমোদনহীন এবং নকল ওষুধ বিক্রি হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী ঢাকার মিডফোর্ড এলাকা থেকে কম দামে নকল ওষুধ এসে বিক্রি করেন।
নামপ্রকাশ না করার শর্তে বাজারের দুই ব্যবসায়ী জানান, অভিযান বন্ধ রাখতে সদরপুর ওষুধ ব্যবসায়ী কল্যাণ সংস্থার পক্ষ থেকে বিভিন্ন ওষুধের দোকান থেকে এক হাজার, দুই হাজার, তিন হাজার টাকাসহ বিভিন্ন অঙ্কের টাকা তোলা হয়েছে। তাদের দাবি, এসব অর্থ ঊর্ধ্বতন মহলে দিয়ে অভিযান বন্ধ রাখার চেষ্টা করা হয়।
দীর্ঘদিন ধরে নিন্মমানের ও নকল ওষুধ বিক্রির অভিযোগ থাকলেও কৃতপক্ষ দেখেও না দেখার ভান করতো বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগের ভিক্তিতে গত মঙ্গলবার দুপুরে সদরপুর বাজাওে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এ সময় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ওষুধের ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুর জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আশরাফ। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক নাজমুল হাসান। ফরিদপুর জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আশরাফ বলেন, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ফার্মেসি পরিচালনা আইনত দন্ডনীয় অপরাধ। জনস্বাস্থ্য সুরক্ষায় ওষুধের দোকানগুলোতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ওষুধের গুণগত মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।