× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাটিয়াজুরী স্টেশন চালু না হওয়ায় ভোগান্তিতে দুই উপজেলার মানুষ

সালেহ আহমেদ আবিদ, বাহুবল (হবিগঞ্জ)

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ১৫:১১ পিএম

বাহুবল ও চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী সাটিয়াজুরী রেলস্টেশন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাহুবল ও চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী সাটিয়াজুরী রেলস্টেশন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা-সিলেট রেলপথে হবিগঞ্জের বাহুবল ও চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী সাটিয়াজুরী রেলস্টেশনটি আধুনিক ভবন নির্মাণের পরও চালু হয়নি। প্রায় ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত স্টেশন ভবনটি বছরের পর বছর অব্যবহৃত পড়ে থাকায় নষ্ট হচ্ছে সরকারি সম্পদ।

ভাঙছে জানালার কাচ, ক্ষতিগ্রস্ত হচ্ছে অবকাঠামো। অন্যদিকে, স্টেশনটি চালু না হওয়ায় দুই উপজেলার হাজারো মানুষ রেল যোগাযোগের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, আধুনিক স্টেশন ভবনটি অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে। প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে ধান শুকানোর কাজে। স্টেশন এলাকায় গরু-ছাগলের অবাধ বিচরণও চোখে পড়ে। স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে স্টেশন এলাকায় জুয়া ও মাদকসেবীদের আড্ডা বসে। এতে একদিকে সরকারি স্থাপনা নষ্ট হচ্ছে, অন্যদিকে বাড়ছে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।

জানা যায়, হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদের সময়ে ৭৮ লাখ ৯৬ হাজার ৩৬৮ টাকা ব্যয়ে স্টেশনটির নতুন ভবন নির্মাণ করা হয়। মেসার্স পাইওনিয়ার এন্টারপ্রাইজ ২০২২-২৩ অর্থবছরে নির্মাণকাজ শেষ করে। তবে ভবন নির্মাণ শেষ হলেও স্টেশনটির কার্যক্রম চালু হয়নি। ফলে বিপুল অর্থ ব্যয়ে নির্মিত অবকাঠামো কোনো কাজে আসছে না।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত সাটিয়াজুরী রেলস্টেশন একসময় আশপাশের শতাধিক গ্রামের মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। প্রতিদিন অসংখ্য যাত্রী এ স্টেশন দিয়ে যাতায়াত করতেন। কৃষিপণ্য ও ব্যবসায়িক মালামাল পরিবহনেও স্টেশনটির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

১৯৯৮ সালে সরকার স্টেশনটি বন্ধ ঘোষণা করলে এলাকাবাসী আন্দোলনে নামেন। আন্দোলনের মুখে স্টেশনটি সাময়িকভাবে চালু করা হলেও পরবর্তী বছর আবার বন্ধ করে দেওয়া হয়। এরপর দীর্ঘ সময় ধরে স্টেশনটি অচল থাকায় স্থানীয় যাত্রী, কৃষক ও ব্যবসায়ীদের দুর্ভোগ বাড়ে। পণ্য পরিবহনে অতিরিক্ত ব্যয় ও ভোগান্তির শিকার হন তারা।


স্টেশনটি পুনরুজ্জীবিত করার উদ্যোগ হিসেবে ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি এটিকে আধুনিক মডেল স্টেশন হিসেবে সংস্কারের নির্দেশ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় নতুন ভবন নির্মিত হলেও কার্যক্রম চালু না হওয়ায় সেই উদ্যোগের সুফল পাচ্ছেন না এলাকাবাসী। দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকায় সরকারি অর্থে নির্মিত স্থাপনাটির রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন উঠেছে।

বাহুবল উপজেলা দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল বলেন, সাটিয়াজুরী রেলস্টেশন দ্রুত চালু করা প্রয়োজন। একই সঙ্গে লোকাল ট্রেন পুনরায় চালু এবং আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করা হলে বাহুবল ও চুনারুঘাট উপজেলার মানুষের যাতায়াতব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফুয়াদ হোসেন আনন্দ জানান, সাটিয়াজুরী স্টেশনটি ‘ডি-ক্লাস’ হওয়ায় অল্প জনবল দিয়েই পরিচালনা করা সম্ভব। তবে এ রুটে লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকায় তা পুনরায় চালু না হলে স্টেশনটির কার্যক্রম চালু করা যাচ্ছে না।

এ অবস্থায় স্থানীয়দের দাবি, লোকাল ট্রেন চালু, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করে দ্রুত সাটিয়াজুরী রেলস্টেশন সচল করা হোক। এতে সরকারি অর্থে নির্মিত স্থাপনার যথাযথ ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি দুই উপজেলার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগও কমবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা