শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ১৫:০৭ পিএম
সুন্দরবনের বনদস্যু নির্মূলের দাবিতে শ্যামনগরে জেলে-বাওয়ালি ও মৌয়ালদের মানববন্ধন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সুন্দরবনের বনদস্যু নির্মূল ও জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নাগরিক সমাজ, জেলে বাউয়ালি ও সুন্দরবন উপকূলীয় এলাকাবাসীর আয়োজনে
বুধবার সকাল ১০টায় উপজেলার সুন্দরবন সংলগ্ন
দ্বীপ বেষ্টিত গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার বেড়িবাঁধে ওপর মানববন্ধন অনুষ্ঠিত
হয়। এতে সুন্দরবননির্ভর হাজারও জেলে, বাওয়ালি ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
সুন্দরবন উপকূলীয় এলাকার মানুষের জীবিকা নির্বাহের অন্যতম প্রধান অবলম্বন নদীতে মাছ ধরা, কাঁকড়া আহরণ ও বনজসম্পদ সংগ্রহ। প্রতিদিন জীবিকার তাগিদে অসংখ্য জেলে ও বাওয়ালি সুন্দরবনের নদী-খালে প্রবেশ করেন। কিন্তু বনদস্যুদের অপতৎপরতা, অপহরণ ও মুক্তিপণের আতঙ্ক তাদের স্বাভাবিক জীবনযাত্রা ও জীবিকার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কামরুল ইসলাম বাবলু, সালাউদ্দিন লিটন, মাস্টার আব্দুর রহিম, মাওলানা এছাহাক আলী, ইউপি সদস্য আবিয়ার রহমান, ইয়াসিন আরাফাত, মহিলা মেম্বার ফরিদা পারভীন ও আশিকুর রহমান প্রমুখ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা, জেলে-বাওয়ালিদের
জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, অপহরণ ও মুক্তিপণ আদায়ের মতো অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ
গ্রহণের দাবি জানান। তাদের মতে, সুন্দরবনের ওপর নির্ভরশীল উপকূলীয় মানুষের জীবিকা
রক্ষা করতে হলে বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ও সমন্বিত অভিযান পরিচালনা করা জরুরি।
বক্তারা বলেন, সুন্দরবন শুধু প্রাকৃতিক সম্পদের আধার নয়, উপকূলীয়
হাজারো পরিবারের জীবন-জীবিকার অবলম্বন। বনদস্যুদের ভয়ে জেলে ও বাওয়ালিরা যেন জীবিকার
সন্ধানে বনে যেতে আতঙ্কিত না হন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর তৎপরতা
বাড়াতে হবে। পাশাপাশি অপহৃত জেলেদের দ্রুত উদ্ধার এবং বনদস্যুদের দমনে স্থায়ী ব্যবস্থা
গ্রহণ করতে হবে।
এ কর্মসূচিতে অংশ নেওয়া জেলে ও বাওয়ালিরা তাদের নিরাপদে সুন্দরবনে
যাতায়াত এবং নির্বিঘ্নে মাছ ও কাঁকড়া আহরণের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার পাশাপাশি উপকূলীয় মানুষের নিরাপত্তা
ও জীবিকা রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত কার্যকর
পদক্ষেপ এখন সময়ের দাবি বলে মনে করছেন স্থানীয়রা।