ঈশ্বরদীতে জমি নিয়ে বিরোধ
ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ১৩:২৯ পিএম
সহদোর জামিরুল ইসলাম ও শিহাব উদ্দীনের বসতবাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পাবনার ঈশ্বরদীতে জমি নিয়ে বিরোধের জেরে দুটি বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্ত্রী-সন্তান নিয়ে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে দুই ভাইয়ের পরিবার।
বুধবার (২৮ অক্টোবর) উপজেলার বাঘইল কাঠালতলা এলাকায় ব্যবসায়ী জামিরুল ইসলাম ও শিহাব উদ্দিনের বসতবাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দুই ব্যবসায়ী জামিরুল ইসলাম ও শিহাব উদ্দীন সম্পর্কে আপন ভাই।
তাদের অভিযোগ, মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে আদালতে বিচারাধীন জমি নিয়ে বিরোধের জেরে তাদেরই মামাতো ভাই মতিয়ার রহমান, খোকন, খায়ের ও রবিউল ইসলামের নেতৃত্বে প্রায় শতাধিক লোক নিয়ে সন্ত্রাসী কায়দায় তাদের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।
ভুক্তভোগী জামিরুল ইসলামের দাবি, মায়ের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তিতে তারা প্রায় ২০ বছর ধরে বসবাস করছেন। জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে প্রায় ১৫ বছর আগে আদালতে মামলা হয়, যা এখনো বিচারাধীন। তিনি অভিযোগ করে বলেন, আদালত কিংবা প্রশাসনের কোনো প্রকার অনুমতি ছাড়াই তাদের বসতবাড়ি ভেঙে উচ্ছেদ করে দেওয়া হয়েছে।

ভুক্তভোগী জামিরুল ইসলামের ভাই শিহাব উদ্দীনের দাবি, এই ঘটনায় তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে এখন খোলা আকাশের নিচে জীবন কাটাতে হচ্ছে তাদের। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী দুই পরিবার। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং রাতেই একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।