কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ১২:৪৫ পিএম
গ্যাসে লাগা আগুন ৩০ ঘণ্টা পেরিয়েও নেভানো যায়নি। ছবি: প্রতিবেদন
কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ স্থাপনের জন্য খননকাজের সময় ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসে লাগা আগুন ৩০ ঘণ্টা পেরিয়েও নেভানো যায়নি। অবিরাম গ্যাস নির্গমনের কারণে আগুন জ্বলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পরিস্থিতি মোকাবিলায় মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ঘটনাস্থলের চারপাশের ২০০ মিটার এলাকা সাধারণ মানুষের চলাচলের জন্য সীমিত করেছে প্রশাসন।
গ্যাসের উৎস, প্রকৃতি ও সম্ভাব্য ঝুঁকি নির্ধারণে বুধবার সকাল থেকে কাজ শুরুর কথা রয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) বিশেষজ্ঞ দলের। মঙ্গলবার রাতেই দলটি ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক পর্যবেক্ষণ করেছে।
বাপেক্সের ব্যবস্থাপক (ভূতত্ত্ব) ও ভূতাত্ত্বিক জরিপ দলের দলপ্রধান এস এম নাফিফুন আরহামের প্রাথমিক ধারণা, নলকূপ খননের সময় প্রায় এক হাজার ফুট গভীরে গ্যাসের স্তরের কাছাকাছি পৌঁছে যায় খননযন্ত্র। এরপর ভূগর্ভের ফাটল বা ভূতাত্ত্বিক চ্যুতির মধ্য দিয়ে গ্যাস নলকূপের গর্ত দিয়ে ভূপৃষ্ঠে উঠে আসতে পারে।
তিনি জানান, গ্যাসের স্তরের ওপরের অংশ উন্মুক্ত হয়ে গেলে উচ্চচাপের গ্যাস ভূগর্ভের বিভিন্ন ফাটল দিয়ে পথ তৈরি করে কয়েক দিন পরও ভূপৃষ্ঠে উঠে আসতে পারে। গ্যাসের সংস্পর্শে কোনো উৎস থেকে স্ফুলিঙ্গ তৈরি হয়ে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। মানুষের কর্মকাণ্ড কিংবা বৈদ্যুতিক স্ফুলিঙ্গ থেকেও আগুন লাগার সম্ভাবনা রয়েছে।
আগুনের শিখার রং ও ধোঁয়ার ধরন পর্যবেক্ষণ করে গ্যাসে তুলনামূলক ভারী হাইড্রোকার্বন থাকতে পারে বলে ধারণা করছেন বাপেক্সের এই কর্মকর্তা। তবে নমুনা সংগ্রহ ও পরীক্ষাগারে বিশ্লেষণের আগে গ্যাসের প্রকৃত উপাদান এবং ভূগর্ভে এর মজুত সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়।
নাফিফুন আরহাম বলেন, “গ্যাসের নির্গমন বন্ধ করতে বা চাপ আটকে দেওয়ার চেষ্টা করলে ভূগর্ভের অন্য কোনো দুর্বল স্থান দিয়ে গ্যাস বেরিয়ে আসতে পারে। এতে ঝুঁকি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তাই আপাতত নিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দূরে রাখাই প্রধান অগ্রাধিকার”।
যেভাবে আগুনের সূত্রপাত
মঙ্গলবার সকালে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী ছোটখাল সেতুর কাছে মোহাম্মদ আবদুল্লাহর বসতভিটায় গভীর নলকূপ স্থাপনের জন্য খননকাজ চলছিল। এ সময় ভূগর্ভ থেকে দুর্গন্ধযুক্ত গ্যাস বের হতে শুরু করে। গ্যাস বের হওয়ার পরপরই সেখানে আগুন জ্বলে ওঠে।
খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। কিন্তু ভূগর্ভ থেকে অবিরাম গ্যাস বের হতে থাকায় আগুন নেভানো সম্ভব হয়নি।
উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, “গ্যাসের প্রবাহ বন্ধ না হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। জনবল ও কারিগরি সরঞ্জামের সীমাবদ্ধতার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরে বাপেক্স, পেট্রোবাংলাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বিষয়টি অবহিত করা হয়”।
আতঙ্কে স্থানীয়রা
আগুন অব্যাহত থাকায় স্থানীয় বাসিন্দা, পর্যটন ব্যবসায়ী ও আশপাশের হোটেলকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় পর্যটন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও আবু সৈয়দ বলেন, “মাত্র ১০ দিন আগে ইনানীর পাটুয়ারটেক এলাকার টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন পর্যটকের মৃত্যু হয়েছিল। এর মধ্যে আবার ভূগর্ভ থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলার ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে”।
তারা জানান, দূর থেকেও আগুনের শিখা দেখা যাচ্ছে। এতে আশপাশের বাসিন্দা ও পর্যটনকেন্দ্রিক ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
ঘটনাস্থলের পাশের একটি পাঁচ তারকা হোটেলের কর্মী জহিরুল ইসলাম বলেন, “যেখানে আগুনের সৃষ্টি হয়েছে, তার পাশের ঘরেই আমরা কয়েকজন হোটেলকর্মী থাকি। এভাবে আগুন জ্বলতে থাকায় খুব ভয়ের মধ্যে আছি”।
১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ
আগুনের শিখা বৈদ্যুতিক সঞ্চালন লাইনে ছড়িয়ে পড়ার আশঙ্কায় মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি।
সংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা, আগুনের শিখা বৈদ্যুতিক তারে ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এ কারণে ঝুঁকি নিরূপণ ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, “স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে থাকার জন্য প্রচারণা চালানো হচ্ছে। বাপেক্সের বিশেষজ্ঞ দলের প্রাথমিক পর্যবেক্ষণের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাস্থলের আশপাশের ২০০ মিটার এলাকা বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত হয়েছে”।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ইউএনও জানান, ব্রিটিশ আমলে এ এলাকায় গ্যাস অনুসন্ধান করা হয়েছিল বলে তিনি শুনেছেন। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজন হলে সেনাবাহিনীসহ অন্যান্য সংস্থার সহযোগিতা নেওয়া হবে।