পটুয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ১২:২৮ পিএম
কুয়াকাটা পৌর প্রশাসন (ভূমি), ইস্তানবুলের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুয়াকাটায় আলোচিত স্থাপনা তারকামানের হোটেল ‘ইস্তানবুল’-এর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী
অফিসার, কুয়াকাটা পৌরসভার প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)
ইস্তানবুলের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন।
এ সময় নিষেধাজ্ঞার একটি ব্যানারও টাঙিয়ে দেওয়া হয়েছে। যেখানে লেখা
রয়েছে, এই স্থাপনাটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন
ব্যতীত নির্মাণের কারণে প্রশাসনের নির্দেশক্রমে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। নির্দেশ
অমান্যকারীদের কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আদেশক্রমে কুয়াকাটা পৌরসভা ও কলাপাড়া
উপজেলা প্রশাসন, কলাপাড়া।
প্রসঙ্গত, কুয়াকাটা পৌর এলাকার মুসল্লীয়াবাদ গ্রামসংলগ্ন এলাকায় এবছর
(২০২৬) নির্বাচনে পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী দলের নির্বাচিত সংসদ সদস্য
মাসুদ সাঈদীর তত্ত্বাবধানে ইস্তানবুল প্রকল্পের নির্মাণ কাজ চলছিল। মাসুদ সাঈদী মরহুম
দেলাওয়ার হোসেন সাঈদীর ছেলে। জানা গেছে, এ হোটেলটির মালিকানায় শেয়ার রয়েছেন ওই এলাকার
একাধিক সাংবাদিক ও বড় মিয়ারা।
কুয়াকাটা পৌরসভার প্রশাসক মো. ইয়াসীন সাদেক জানান, যথাযথ কর্তৃপক্ষের
(বরিশাল বিভাগীয় কমিশনার) অনুমোদন না থাকা এবং বিল্ডিং কন্সট্রাকশন অ্যাক্ট-১৯৫২ অনুসারে
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত ভবন নির্মাণ করা দণ্ডনীয় অপরাধ এবং কুয়াকাটার মাস্টারপ্লানে
এই জমি রেলওয়ে স্থাপনার জন্য বরাদ্দকৃত বলে তিনি নিশ্চিত করেন।
কলাপাড়া উপজেলার লতাচাপলী মৌজার এসএ-২৯২ নং খতিয়ানে প্রায় ২১ একর
৬৬ শতক জায়গা জুড়ে ইস্তানবুলের প্রকল্প কার্যক্রম চলমান রয়েছে। বর্তমান বিএস জরিপে
এ জায়গা কুয়াকাটা পৌরসভার আওতাধীন বলে নিশ্চিত হওয়া গেছে। যেখানে অন্তত ছয় একর ভূমির
উন্নয়নসহ বাউন্ডারি দেওয়াল দেওয়া হয়েছে। ইতোমধ্যেই এ জমির মালিকানা দাবি করে কলাপাড়ার
হাঁড়িপাড়ার বাসিন্দা রাখাইন উমাচ্যান একটি মামলা করেছেন। তিনি দাবি করেছেন এ জমির মালিক
তার দাদা চিথাও ও নাথোও-এর।