রংপুর অফিস
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ১১:২৭ এএম
দুর্ঘটনাকবলিত বাস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রংপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩ নারীসহ আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
রংপুরের মিঠাপুকুর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বৈরাগীগঞ্জ এলাকায় বুধবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের নাম ও পরিচয় জানা যায়নি। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়দরগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, বুধবার ফজরের নামাজের পর বৈরাগীগঞ্জ শাহ আমানত পেট্রোল পাম্পের উল্টো দিকের মাজার মসজিদের সামনে মাটি ভর্তি একটি ড্রাম ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী যাত্রীবাহী খান এন্টারপ্রাইজ নামে একটি বাস দ্রুতগতিতে এসে ড্রাম ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী মারা যান। পরে অাহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে অারও দুজনের মৃত্যু হয়।
ওসি মোয়াজ্জেম উদ্দিন বলেন, “ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে দুজনসহ তিনজন মারা গেছেন। নিহতের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি”।