গলাচিপা (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ১০:৫৩ এএম
এতিমখানায় বিতরণ করা ইলিশ নিজ বাড়িতে নিয়ে আত্মসাৎ করার অভিযোগে মাদরাসা শিক্ষকসহ দুই ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পটুয়াখালীর গলাচিপায় এতিমখানায় বিতরণ করা ইলিশ নিজ বাড়িতে নিয়ে আত্মসাৎ করার অভিযোগে মাদরাসা শিক্ষকসহ দুই ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার রাতে উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের বন্যাতলী খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণ অভিযানে মঙ্গলবার নদী থেকে অবৈধভাবে আহরণ করা প্রায় ২৫ কেজি ইলিশসহ অন্যান্য মাছ জব্দ করা হয়। পরে মাছগুলো তিনটি মাদরাসা ও একটি এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে জানা যায়, বিতরণ করা মাছের একটি অংশ এতিমখানায় না দিয়ে নিজ বাড়িতে নিয়ে গেছেন এতিমখানা সংশ্লিষ্ট দুই ব্যক্তি। বিষয়টি জানতে পেরে রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইনকে সঙ্গে নিয়ে এতিমখানায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মোহাম্মদ ইসলামিয়া হাফিজিয়া মাদরাসাটি তালাবদ্ধ পাওয়া যায়। পরে মাদরাসার শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, মাদরাসাটি আবাসিক নয় এবং বিতরণের জন্য পাওয়া মাছ তিনি নিজের বাড়িতে নিয়ে গেছেন। জিজ্ঞাসাবাদে তিনি আরও জানান, স্থানীয় আবুল হোসেনের (৫৫) সঙ্গে মাছ ভাগাভাগি করে তারা নিয়েছেন।
অন্যদিকে, বাকি দুটি মাদরাসায় বিতরণ করা মাছ যথাযথভাবে পৌঁছেছে বলে অভিযানকালে নিশ্চিত হওয়া যায়। অভিযুক্তের ভাষ্য অনুযায়ী, ঘটনার সঙ্গে জড়িত থাকা প্রমাণিত হওয়ায় মোহাম্মদ আব্দুল্লাহ ও আবুল হোসেনকে প্রত্যেককে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, নদী থেকে জব্দ করা প্রায় ২৫ কেজি ইলিশ মাছ তিনটি মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছিল। পরে বিতরণ করা মাছের একটি অংশ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে না নিয়ে বাড়িতে নেওয়ার তথ্য পাওয়া যায়। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় দুজনকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।