চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটার নারী উদ্যোক্তা জান্নাতুল আনার কলি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটার নারী উদ্যোক্তা জান্নাতুল আনার কলি। যার উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটা শুরু হয়েছিল প্রতিবেশীদের চাহিদা থেকে। নিজের ব্যবহারের জন্য তৈরি করা হলুদ ও মরিচের গুঁড়া তার কাছে চাইতেন প্রতিবেশীরা। তবে বিনিময়ে বাজার থেকে কেনা মসলা ফেরত দেওয়ায় তা নিতে চাইতেন না তিনি। কারণ, বাজারের মসলার মান নিয়ে তার সংশয় ছিল।
একপর্যায়ে প্রতিবেশীরা সিদ্ধান্ত নেন, তার কাছ থেকে মসলা নিলে দাম দিয়েই নেবেন। এভাবেই করোনাকালে ছোট পরিসরে মসলা বিক্রির উদ্যোগ নেন জান্নাতুল। প্রতিবেশীদের চাহিদা থেকে শুরু হওয়া সেই উদ্যোগই ধীরে ধীরে তাকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মসলার পাশাপাশি তিনি এখন শুঁটকি, আচার, প্রোজেন আইটেম, ক্রুসেট ওয়ার্ক নিয়েও কাজ করছেন।
জান্নাতুল এক মেয়ে, তিন ছেলের জননী। বর্তমানে তিনি পরিবার নিয়ে চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় থাকেন। সেখানে বাসায় প্রস্তুত করা হয় মসলা। এরপর ক্রেতাদের চাহিদা অনুযায়ী সেগুলো সরবরাহ করা হয় বিভিন্ন গন্তব্যে। বর্তমানে তিনি প্রতি মাসে গড়ে ১০ থেকে ১২ লাখ টাকার মসলা বিক্রি করছেন। তার প্রতিষ্ঠানে এখন স্থায়ী, অস্থায়ী মিলে ২৫ থেকে ২৬ জন কর্মী কাজ করেন। এর মধ্যে ৮ থেকে ১০ জন নিয়মিত কাজ করেন, বাকিরা কাজ করেন মসলা শুকানোর সময়।
ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে জান্নাতুল কলি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আলহামদুলিল্লাহ এখন আমার ব্যবসার বিস্তৃতি অনেক বেড়েছে। আগে কাজ করেছি অনলাইনে পেজের মাধ্যমে। এখন অনলাইনে, অফলাইনে ও পাইকারি কাস্টমারের সঙ্গে কাজ করছি। বর্তমানে চট্টগ্রামের বেশ কিছু নামকরা রেস্টুরেন্ট, হোটেল এবং চিপস ফ্যাক্টরিতে মসলা সরবরাহ করছি। ঢাকা ও কিছু কক্সবাজারের কিছু রেস্টুরেন্টও আমার কাছ থেকে মসলা নিচ্ছে।’
তবে শুরুর গল্পটা খুব একটা সহজ ছিল না বলে জানান জান্নাতুল। তিনি বলেন, ‘ব্যবসা শুরুর দিকে কাঁচামাল সংগ্রহ করা, কর্মী জোগাড়, কর্মীদের মানিয়ে নেওয়া এবং তাদের কাজ বু্ঝিয়ে দেওয়াÑ এসব নিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। তবে এই কঠিন সময়ে আমার স্বামী আমার পাশে ছিলেন। পাশাপাশি বিসিক চট্টগ্রাম জেলা কার্যালয়ের কর্মকর্তারা অনেক সহযোগিতা করেছেন।’
অন্যান্য পণ্য থাকতে কেন মসলা নিয়ে কাজ করার চিন্তা মাথায় আসলো জানতে চাইলে তিনি বলেন, ‘বাজার যাচাই করে আমি দেখেছি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য হলো মসলা। যার আবেদন সব সময়ই রয়েছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। তাই আমি এটাতেই ফোকাস করেছি।’