পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও বাসযোগ্য নগর গড়তে ব্যাপক সবুজায়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
নগরীতে ১০ লাখ গাছ রোপণের কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।
সৌন্দর্যবর্ধন ও সবুজায়নবিষয়ক সমন্বয় সভায় মঙ্গলবার এসব নির্দেশনা দেন প্রশাসক।
সভায় সড়কে বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
প্রশাসক ডা. শাহাদাত বলেন, প্রধানমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা দিয়েছেন। এ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সিটি কর্পোরেশন ও বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় নগরীতে ১০ লাখ গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
গত এক বছরে বিমানবন্দর থেকে মোহরা এবং সিটি গেট থেকে কর্ণফুলী পর্যন্ত প্রায় দুই লাখ গাছ লাগানো হয়েছে উল্লেখ করে তিনি আগামী এক বছরের মধ্যে ১০ লাখ গাছ রোপণের লক্ষ্য পূরণের নির্দেশ দেন।
তিনি জানান, কালুরঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের সব মিড-আইল্যান্ড ফুল ও সবুজে সাজানো হচ্ছে।
দেওয়ানহাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত সড়কদ্বীপে জারুল, সোনালু, রাধাচূড়া, কামিনী, কাঞ্চন, হাসনাহেনা, গন্ধরাজ ও শিউলিসহ প্রায় ১০ প্রজাতির বিলুপ্তপ্রায় দেশীয় গাছ লাগানো হয়েছে। এসব গাছের নিয়মিত পরিচর্যার ব্যবস্থাও নেওয়া হয়েছে বলেও জানান প্রশাসক।
এয়ারপোর্ট রোডের সৌন্দর্যবর্ধন নগরবাসীর প্রশংসা পেয়েছে উল্লেখ করে তিনি এ ধরনের উদ্যোগ নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় সম্প্রসারণের নির্দেশ দেন।
প্রশাসক বলেন, বড় অঙ্কের অর্থ ব্যয় না করেও সঠিক পরিকল্পনা ও নান্দনিক নকশার মাধ্যমে আকর্ষণীয় পরিবেশ তৈরি করা সম্ভব। এ জন্য স্থপতি ও নকশাবিদদের মতামত নেওয়ার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে সম্পৃক্ত করার পরামর্শ দেন তিনি।
তিনি ফিরিঙ্গিবাজার সড়ক, কর্ণফুলী পার্কসংলগ্ন গোলচত্বর, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার এক্সেস রোড এবং চট্টগ্রাম কলেজ ও সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের সামনের সড়কসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো পরিকল্পিতভাবে সৌন্দর্যবর্ধনের নির্দেশ দেন। পাশাপাশি আগ্রাবাদ এক্সেস রোডে সাইকেল লেন স্থাপনের সম্ভাবনা যাচাই করতে বলেন।
সভায় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান এবং বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী জয় উপস্থিত ছিলেন।