খুলনা অফিস
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১৭:২৪ পিএম
ডুবে যাওয়া কার্গো জাহাজ এমভি ফুলবাড়ী। ছবি: বাসস
মোংলা বন্দরের পশুর নদে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ১ হাজার ২০০ মেট্রিক টন কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে।
সোমবার গভীর রাতে বন্দরের হারবাড়িয়া থেকে আরও গভীরে সুন্দরী কোঠা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জাহাজে থাকা নাবিকদের পাশের অন্য জাহাজের কর্মীরা উদ্ধার করেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।
তবে ডুবে যাওয়া জাহাজটি জোয়ারের তোড়ে মূল নৌপথে চলে এলে বাণিজ্যিক জাহাজ চলাচলে ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বন্দরসংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
ডুবে যাওয়া কার্গো জাহাজটির নাম এমভি ফুলবাড়ী। এটি মেসার্স আইআরএস ইন্টারন্যাশনাল কোম্পানির মালিকানাধীন বলে জানা গেছে।
দুর্ঘটনাকবলিত জাহাজের নাবিকরা জানান, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত কয়লাবোঝাই বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি ইয়াস জুপিটার থেকে কয়লা নিয়ে মোংলার দিকে আসছিল এমভি ফুলবাড়ী। পথে পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় পৌঁছালে এমটি জান্নাতুল ফেরদৌস নামের একটি তেলবাহী ট্যাংকার কার্গো জাহাজটিকে ধাক্কা দেয়। এতে জাহাজটি ডুবে যায়।
দুর্ঘটনার পর কার্গোতে থাকা নাবিকদের উদ্ধার করেন পাশের একটি জাহাজের নাবিকরা। তবে উদ্ধার হওয়া নাবিকের সংখ্যা নিয়ে তথ্যে অমিল রয়েছে। একটি তথ্যে মাস্টারসহ ৯ জনকে উদ্ধারের কথা বলা হলেও অন্য তথ্যে ১১ জন নাবিক উদ্ধারের কথা জানানো হয়েছে। উদ্ধার হওয়া সবাই অক্ষত রয়েছেন।
কয়লাবোঝাই জাহাজটির ঢাকার বাদামতলায় যাওয়ার কথা ছিল। দুর্ঘটনার পরও পশুর চ্যানেলের মূল নৌপথ দিয়ে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ডুবে যাওয়া জাহাজটি জোয়ারের স্রোতে মূল চ্যানেলে চলে এলে পণ্যবাহী দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজ চলাচলে ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বন্দর ব্যবসায়ীরা।
মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মো. শফিকুল ইসলাম সরকার বলেন, “পশুর চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এ চ্যানেল দিয়ে নৌযান চলাচল স্বাভাবিক আছে”।
ডুবে যাওয়া জাহাজের মালিকপক্ষ দ্রুত সেটি উদ্ধারের ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।