কালাই (জয়পুরহাট) প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১৬:২২ পিএম
বিষ স্প্রে করায় নুয়ে পড়েছে বেগুনগাছ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় রাতের আঁধারে ঘাস মারার বিষ স্প্রে করে তিন কৃষকের বেগুনগাছ নষ্ট করার অভিযোগ উঠেছে।
এতে প্রায় ৪২ শতক জমির বেগুনগাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফসলের পেছনে বিনিয়োগ করা অর্থ ও দীর্ঘদিনের পরিশ্রম হারিয়ে এখন আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা।
উপজেলার বড়তারা গ্রামে মঙ্গলবার সকাল ১০টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষক মো. মামুনুর রশিদ, আমজাদ হোসেন এবং জুলেখা বেগমের বেগুনক্ষেতের গাছ বিষ প্রয়োগে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃষকদের দেওয়া তথ্য অনুযায়ী, মামুনুর রশিদের ১২ শতক, আমজাদ হোসেনের ২০ শতক এবং আবু হেনা ও জুলেখা বেগম দম্পতির ১০ শতক জমির বেগুনগাছ নষ্ট হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক মামুনুর রশিদ বলেন, তার ১২ শতক জমিতে বেগুনের আবাদ ছিল। রাতের আঁধারে কে বা কারা বেগুনক্ষেতে ঘাস মারার বিষ প্রয়োগ করেছে। ফসলের পেছনে বিনিয়োগ করা অর্থ ও পরিশ্রম বিফলে গেল।
আমজাদ হোসেন বলেন, তিনি ২০ শতক জমিতে বেগুনের চাষ করেছেন। গাছে সবেমাত্র বেগুন ধরতে শুরু করেছিল। জমিতে সেচ দিয়ে বাড়ি ফেরার পর সকালে এসে দেখেন, সূর্যের আলোয় বেগুনগাছ নুইয়ে যাচ্ছে।
পরে বিষ প্রয়োগের বিষয়টি বুঝতে পেরে জমিতে পানি স্প্রে করেন। তবু গাছগুলো মরে যাচ্ছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শনাক্ত করার দাবি জানান তিনি।
জুলেখা বেগম বলেন, “আমাদের ১০ শতক জমির বেগুনগাছ বিষ প্রয়োগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা আমাদের ফসলের ক্ষতি করেছে আমি তাদের বিচার চাই।”
প্রতিবেশী সাহারুল ইসলাম বলেন, “ফসলের সঙ্গে শত্রুতা মেনে নেওয়া যায় না। যারা এমন ঘৃণিত কাজ করেছেন, তদন্ত করে তাদের শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি।”
ক্ষেতলাল উপসহকারী কৃষি কর্মকর্তা অভিজিৎ দত্ত জানান, ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। কৃষি অফিসের মাধ্যমে সহায়তার বিষয়েও তাদের আশ্বস্ত করা হয়েছে।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম বলেন, “কৃষকদের ফসলে বিষ প্রয়োগের খবর আমরা পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”