× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টুপটুপ ট্র্যাজেডি: ১০ দিন পর মিলল আরও এক কঙ্কাল

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১৬:১২ পিএম

মঙ্গলবার সকাল থেকে রিসোর্টটির ধ্বংসস্তূপে আবারও তল্লাশি শুরু করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মঙ্গলবার সকাল থেকে রিসোর্টটির ধ্বংসস্তূপে আবারও তল্লাশি শুরু করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে ‘টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হওয়া ১০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এদিকে ঘটনার ১০ দিন পর ঘটনাস্থল থেকে পুড়ে যাওয়া কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। পুলিশের ধারণা আগুন লাগার ঘটনায় নিখোঁজ থাকা শিক্ষিকা ও ছাত্রদল নেতার স্ত্রী নাসরিন আক্তার মুক্তার মরদেহ এটি।

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গ থেকে শনাক্ত হওয়া ১০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে স্বজনেরা অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে রওনা হন।

হস্তান্তর করা মরদেহগুলোর মধ্যে একটি পরিবারের ছয়জন এবং অন্য পরিবারের চারজন রয়েছেন।

এক পরিবারের নিহতরা হলেন ঢাকার শ্যামলীর ‘গ্র্যান্ড পাওয়ার লিমিটেড’-এর কর্মকর্তা মোহাম্মদ নাহিদুর রহমান (৪১), তার স্ত্রী আফসানা মতিন (৩৬) এবং তাদের দুই মেয়ে রোজাইনা ইনায়া (৯) ও মুনাইনা ইহানা (৬)।

অন্য পরিবারের নিহতরা হলেন মৌলিতা মেহজাবিন আলভি (১৯), তার কাজিন লায়লা জাহান নাবিলা (২৫) ও ইসরাত জাহান মালিহা (২৭), তাঁদের আরেক কাজিন ফারিয়া কবির (৩৩), ফারিয়ার ছয় বছর বয়সী ছেলে মোহাম্মদ ফাইজান নূর এবং ফারিয়ার ভাই মোহাম্মদ নাফিস তেহামি (২৪)। তারা ঢাকার বনশ্রী ও খিলগাঁও এলাকায় বসবাস করতেন।

মামলার তদন্ত কর্মকর্তা রিমন ঘোষ জানান, ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর ১০ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রিসোর্টটিতে অগ্নিকাণ্ডের পর কর্তৃপক্ষ প্রথমে ১০ জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছিল। তবে নিখোঁজ ব্যক্তির তালিকায় ১১ জনের নাম থাকায় উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা নিয়ে সংশয় তৈরি হয়।

সর্বশেষ ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়ার পরও আশুলিয়ার ‘স্বপ্নবিলাস নিরিবিলি স্কুল’-এর শিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার সন্ধান না মেলায় নতুন করে উদ্বেগ দেখা দেয়।

এ পরিস্থিতিতে মঙ্গলবার সকাল থেকে রিসোর্টটির ধ্বংসস্তূপে আবারও তল্লাশি শুরু করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। বেলা ৩টার দিকে রিসোর্টের তৃতীয় তলার একটি কক্ষের টয়লেটের কাছে ছাইয়ের স্তূপের নিচ থেকে পুড়ে যাওয়া একটি কঙ্কাল উদ্ধার করা হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, কঙ্কালটি নিখোঁজ নাসরিন আক্তার মুক্তার হতে পারে। তবে পরিচয় নিশ্চিত হওয়ার বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।

স্বামীর সঙ্গে টুপটুপ রিসোর্টে আগুন লাগার ঘটনায় নিখোঁজ নাসরিন আক্তার মুক্তা (ডানে)। ছবি: সংগৃহীত

কক্সবাজার শহর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে উখিয়ার পাটুয়ারটেক সমুদ্রসৈকতের পাশে মেরিন ড্রাইভ-সংলগ্ন তিনতলা রিসোর্টটিতে ১৭ অক্টোবর সকালে আগুন লাগে। ওই সময় রিসোর্টটির প্রথম ও দ্বিতীয় তলার আটটি কক্ষে পর্যটকেরা অবস্থান করছিলেন। নিচতলায় ছিল রেস্তোরাঁ ও কর্মীদের থাকার জায়গা।

এ ঘটনায় ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় রিসোর্টের মালিক মোহাম্মদ তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করা হয়েছে। অগ্নিকাণ্ডের পর থেকে তিনি পলাতক রয়েছেন। রিসোর্টের আরেক মালিক নেওয়াজ মোর্শেদও আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত কেবল রিসোর্টের সহকারী ব্যবস্থাপক জাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ ও দায়ীদের শনাক্ত করতে কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনীম জাহানকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এখনো তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা