সহিজল ইসলাম, রাজীবপুর (কুড়িগ্রাম)
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১৫:৪০ পিএম
ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলায় বিসিআইসি সার ডিলার নিয়োগে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। দুই উপজেলার নয়টি ইউনিয়নে নতুন নিয়োগ পাওয়া নয়জনের সবাই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং তারা দলটির নেতাদের স্বজন।
তাদের মধ্যে আছেন- কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের স্ত্রী-স্বজন এবং যুবদল ও ছাত্রদলের পদধারী নেতাকর্মী। এ ছাড়া কয়েকজনের ঠিকানা ও সার সংরক্ষণের গুদামসংক্রান্ত শর্ত পূরণ নিয়েও প্রশ্ন উঠেছে। এ ঘটনায় নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে স্থানীয় কৃষক ও সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।
অনুসন্ধানে জানা গেছে, রৌমারী উপজেলার ছয়টি এবং রাজীবপুর উপজেলার তিনটি ইউনিয়নে নিয়োগ পাওয়া ডিলারদের প্রত্যেকের সঙ্গে বিএনপির প্রত্যক্ষ রাজনৈতিক সম্পৃক্ততা অথবা দলীয় নেতাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। যদিও রাজনৈতিক পরিচয়ই নিয়োগে অনিয়মের প্রমাণ নয়; এ ক্ষেত্রে নিয়োগের যোগ্যতা, শর্ত পূরণ ও যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া পর্যালোচনার দাবি রাখে।
রৌমারী সদর ইউনিয়নে ডিলারশিপ পেয়েছেন মেসার্স মমতাজ এন্টারপ্রাইজের মালিক মমতাজ হোসেন লিপি। তিনি বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। নথিপত্রে তার ঠিকানা দক্ষিণ টাপুরচর উল্লেখ রয়েছে। তবে দক্ষিণ টাপুরচর রৌমারী সদর ইউনিয়নের নয়, বন্দবেড় ইউনিয়নের অন্তর্ভুক্ত। ফলে নিজ ইউনিয়নে বসবাসের শর্ত যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বন্দবেড় ইউনিয়নে ডিলারশিপ পেয়েছেন মেসার্স আরাফ এন্টারপ্রাইজের মালিক আলমগীর হোসেন। তিনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাশেমের ভাগ্নে। অভিযোগ রয়েছে, তার নিজস্ব সার সংরক্ষণাগার নেই।
নৌবন্দর আবাসিক হোটেল নামের একটি ভবনকে গুদাম হিসেবে দেখিয়ে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করা হয়েছে। ভবনটি সার সংরক্ষণ ও বিতরণের জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কি না, তা যাচাইয়ের দাবি উঠেছে।
যাদুরচর ইউনিয়নে ডিলারশিপ পেয়েছে মেসার্স জমজম ট্রেডার্স। প্রতিষ্ঠানটির মালিক হাসনা হেনা কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য এবং কুড়িগ্রাম-৪ আসনে দলটির মনোনয়নপ্রাপ্ত আজিজুর রহমানের স্ত্রী।
রৌমারীর দাঁতভাঙা ইউনিয়নে মেসার্স স্বাধীন এন্টারপ্রাইজের মালিক স্বাধীন হোসেন ডিলারশিপ পেয়েছেন। তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। শৌলমারী ইউনিয়নে মেসার্স নাইম ট্রেডার্সের মালিক নাজমুল হুদা ইউনিয়ন যুবদলের সদস্যসচিব। চরশৌলমারী ইউনিয়নে মেসার্স সম্রাট অ্যালুমিনিয়াম স্টোরের মালিক আহমেদ নুরে আলম ফেরদৌস ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক।
অন্যদিকে, রাজীবপুর ইউনিয়নে মেসার্স রিতা ট্রেডার্সের মালিক রেজিনা তাসরিন ডিলারশিপ পেয়েছেন। তিনি জেলা বিএনপির সদস্য ও রাজীবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোখলেছুর রহমানের স্ত্রী। কোদালকাটি ইউনিয়নে মেসার্স সোহান ট্রেডার্সের মালিক সোহানুর রহমান কোদালকাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। মোহনগঞ্জ ইউনিয়নে মেসার্স মণ্ডল এন্টারপ্রাইজের মালিক শাহাজালাল তারেকও ছাত্রদলের নেতা।
উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, সার ডিলারশিপের জন্য রৌমারীতে ১৪৫ জন এবং রাজীবপুরে ৫৫ জন আবেদন করেছিলেন। দুই উপজেলার নয়টি ইউনিয়নের বিপরীতে শেষ পর্যন্ত নয়জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
সংশ্লিষ্টদের দাবি, সরকারি সার বিতরণ নীতিমালায় নির্ধারিত স্থানে সার সংরক্ষণের উপযোগী গুদাম থাকা এবং নিজ ইউনিয়নে বসবাসের মতো শর্ত রয়েছে। এ অবস্থায় কয়েকজনের ঠিকানা ও গুদামসংক্রান্ত তথ্য নিয়ে প্রশ্ন ওঠায় নিয়োগের আগে যাচাই-বাছাই কতটা যথাযথভাবে সম্পন্ন হয়েছে, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
আবেদনকারীদের মধ্য থেকে নির্বাচিত ব্যক্তিদের যোগ্যতা নির্ধারণে কী মানদণ্ড অনুসরণ করা হয়েছে এবং অভিযোগ ওঠা ঠিকানা ও গুদাম সরেজমিনে পরিদর্শন করা হয়েছিল কি না, তা স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দলীয় প্রভাবের অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মমতাজ হোসেন লিপি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী বিএনপি নেতাদেরই ডিলারশিপ দেওয়ার নিয়ম রয়েছে। প্রশ্ন তুলে তিনি আরও বলেন, বিএনপি নেতারা না পেলে ডিলারশিপ আর কারা পাবে?
অন্যদিকে, কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য আজিজুর রহমান বলেন, সবাইকে না দিয়ে দু-একজনকে দলের বাইরে থেকে দেওয়া হলে ভালো হতো। তবে আমার স্ত্রীর ক্ষেত্রে সরকারি সব শর্ত মেনেই নিয়োগ হয়েছে।
এ বিষয়ে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু ফাত্তাহ্ মো. রওশন কবির দলীয়করণের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, উপজেলা পর্যায়ে যাচাই-বাছাই শেষে যে তালিকা পাঠানো হয়েছে, জেলা পর্যায় থেকে সেই তালিকাই মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখানে দলীয়করণের কোনো সুযোগ নেই।