× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্ষিতার নবজাতক ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ

দিলীপ মজুমদার, কুমিল্লা

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১৫:১৪ পিএম

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬ ১৫:১৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে ধর্ষণের অভিযোগের মধ্যে এক তরুণীর সন্তান প্রসবের পর নবজাতককে ৫০ হাজার টাকায় বেচে দেওয়ার অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় অভিযুক্ত যুবকের পরিবারের বিরুদ্ধে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে তিন লাখ টাকায় সমঝোতার চেষ্টা করারও অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বজনেরা। তবে নবজাতক বেচার অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে নবজাতকটি মায়ের কাছেই পুলিশের হেফাজতে রয়েছে।

অভিযুক্ত যুবক জাহিদুল ইসলাম ওরফে আবিরের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামে। তিনি ওই গ্রামের আমির হোসেন ওরফে লাকি মিয়ার ছেলে।

ভুক্তভোগীর মায়ের অভিযোগ, তার বৃদ্ধ ও অসুস্থ মায়ের চিকিৎসার জন্য তাকে দীর্ঘ সময় ঢাকায় থাকতে হয়েছিল। এ সময় বাড়িতে থাকা তার মেয়েকে ঘরে ঢুকে একাধিকবার ধর্ষণ করেন আবির। ভয়ে প্রথমদিকে বিষয়টি কাউকে জানাননি তরুণী। পরে শারীরিক পরিবর্তন দেখা দিলে মায়ের কাছে সব খুলে বলেন।

বিষয়টি অভিযুক্তের পরিবারকে জানানো হলে প্রথমে তারা তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। উল্টো তরুণীকে নিয়ে নানা অপবাদ দেওয়া হয় বলেও দাবি তাদের।

পরিবারটির ভাষ্য, একপর্যায়ে অভিযুক্ত যুবক ঘটনা স্বীকার করেছেন বলে তারা জানতে পারেন। এরপর তার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করা হয়। পরে আইনি ব্যবস্থা নেওয়ার পরিবর্তে স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়।

 তিন লাখ টাকায় সমঝোতার প্রস্তাবের অভিযোগ

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অভিযুক্তের বাবা প্রবাসে থাকায় তার চাচা নজরুল ইসলাম মনির বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। একই গ্রামের প্রভাবশালী হাজি মোস্তফার মাধ্যমে ভুক্তভোগীর মাকে আর্থিক প্রলোভন দেখিয়ে সমঝোতার প্রস্তাব দেওয়া হয়। ঘটনা প্রকাশ না করতে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তারা।

ভুক্তভোগীর বাবা প্রায় ১২ বছর আগে মারা গেছেন। এরপর থেকে মা ও চার ভাই-বোনের সংসার নানা প্রতিকূলতার মধ্য দিয়ে চলছে। এমতাবস্থায় এমন পরিস্থিতিতে মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার চাইতে গিয়ে তারা চাপ ও হুমকির মুখে পড়েছেন বলে দাবি পরিবারের সদস্যদের।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, গত শুক্রবার (২৩ অক্টোবর) রাতে প্রসবব্যথা উঠলে তরুণীকে চৌদ্দগ্রামের একটি বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে স্বাভাবিক প্রসবের মাধ্যমে একটি ছেলের জন্ম হয়। তবে ছেলে জন্মের পরপরই ৫০ হাজার টাকার বিনিময়ে নবজাতককে অন্যত্র বেচে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বজনরা। নবজাতকের জন্ম নেওয়ার সব ব্যয় অভিযুক্ত যুবকের পরিবার মিটিয়েছে বলেও তারা জানান।

ভুক্তভোগীর বোন বলেন, বাবা মারা যাওয়ার পর মা আমাদের চার ভাই-বোনকে নিয়ে অনেক কষ্টে সংসার চালাচ্ছেন। নানুর চিকিৎসার জন্য মা ঢাকায় থাকার সময় আমার বোনের সঙ্গে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হওয়ার পর আমার বোনকে নিয়ে নানা অপবাদ দেওয়া হয়। এরপর আমাদের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। হুমকিও দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শুক্রবার রাতে আমার বোন একটি ছেলে জন্ম দিয়েছে। কিন্তু ৫০ হাজার টাকার বিনিময়ে নবজাতককে অন্যত্র বেচে দেওয়া হয়। আমার বোনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার হিসেবে তিন লাখ টাকা দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু সেই টাকাও দেওয়া হয়নি।

তবে নবজাতক বেচার অভিযোগের বিষয়ে এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশি হেফাজতে থাকা নবজাতকটি বর্তমানে তার মায়ের কাছেই আছে।

অভিযোগের বিষয়ে সালিশদার হাজি মোস্তফা বলেন, আমি অভিযুক্তের চাচা মনিরের দোকানে বসা ছিলাম। অন্যরা বাড়ির মধ্যে গিয়ে সমঝোতা করেছে বলে শুনেছি। সমঝোতা হয়ে থাকলে কত টাকার বিনিময়ে হয়েছে, সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো তথ্য দেননি। নবজাতক বেচার ব্যাপারেও কিছু জানেন না বলে দাবি করেন তিনি।

অভিযুক্তের চাচা নজরুল ইসলাম মনির বলেন, বিষয়টি নিয়ে আমার সঙ্গে বেশি বাড়াবাড়ি করবেন না। এ সম্পর্কে আমি কিছুই জানি না। কারা কীভাবে কী করেছে, তা আপনারা খবর নেন।

চৌদ্দগ্রাম থানার ওসি আরিফ হোছাইন বলেন, সোমবার (২৬ অক্টোবর) দুপুরের দিকে ভুক্তভোগী তরুণী নিজে বাদী হয়ে আবিরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ওসি আরও বলেন, ভুক্তভোগী মা ও নবজাতক পুলিশের হেফাজতে রয়েছেন। নবজাতকটি মায়ের কাছেই আছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা