× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম দিনেই এক ঘণ্টা দেরিতে ফেনী ছাড়ল মহানগর এক্সপ্রেস

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১৪:২৬ পিএম

রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনী রেলওয়ে স্টেশনে নতুন যাত্রাবিরতি চালুর প্রথম দিনেই নির্ধারিত সময়ের এক ঘণ্টা চার মিনিট পর স্টেশন ছেড়েছে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস। 

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে ট্রেনটি ফেনী স্টেশনে যাত্রাবিরতি দিয়ে ৪৭ জন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করে। এর মধ্য দিয়ে ফেনী থেকে সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

এদিন ঢাকা থেকে ট্রেনে করে ফেনী আসেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। ফেনী স্টেশনে ট্রেনের যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনুসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেনী রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে মহানগর এক্সপ্রেস। ট্রেনটির ফেনী স্টেশনে পৌঁছানোর নির্ধারিত সময় ছিল রাত ১টা ৪ মিনিট। দুই মিনিট যাত্রাবিরতির পর রাত ১টা ৬ মিনিটে স্টেশন ছাড়ার কথা ছিল।

তবে নির্ধারিত সময়ের ৫১ মিনিট পর রাত ১টা ৫৫ মিনিটে ফেনী স্টেশনে পৌঁছায় ট্রেনটি। পরে রাত ২টা ১০ মিনিটে স্টেশন ছেড়ে যায়। এতে নির্ধারিত সময়ের তুলনায় ফেনী থেকে যাত্রা শুরু করতে এক ঘণ্টা চার মিনিট দেরি হয়।

ফেনী স্টেশন থেকে মহানগর এক্সপ্রেসে যাত্রার জন্য মোট ৬২টি আসন বরাদ্দ রয়েছে। এর মধ্যে কক্সবাজারগামী যাত্রীদের জন্য ৪৭টি এবং চট্টগ্রামগামী যাত্রীদের জন্য ১৫টি আসন রাখা হয়েছে। কক্সবাজারগামী যাত্রীদের জন্য বরাদ্দ আসনের মধ্যে এসি বার্থের দুটি, স্নিগ্ধার ১৫টি এবং শোভন চেয়ারের ৩০টি আসন রয়েছে।

ট্রেনটির পরিচালনায় লোকোমাস্টার হিসেবে জাহিদুল ইসলাম মিয়া, সহকারী লোকোমাস্টার হিসেবে শাহ আলম এবং গার্ড হিসেবে ইমরুল কায়েস দায়িত্ব পালন করছেন। ট্রেনটিতে মোট ১৮টি কোচ রয়েছে। এর লোকোমোটিভ নম্বর ৩০২৯।

এর আগে, ঢাকা-কক্সবাজার রুটে চলাচলকারী কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসের ফেনীতে যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় যাত্রীরা। মহানগর এক্সপ্রেসের ফেনী স্টেশনে যাত্রাবিরতি চালু হওয়ায় দীর্ঘদিনের সেই দাবির আংশিক বাস্তবায়ন হয়েছে।

তবে ফেনী থেকে কক্সবাজারগামী যাত্রীদের জন্য মাত্র ৪৭টি আসন বরাদ্দ থাকায় বাড়তি চাহিদা কতটা পূরণ হবে, তা নিয়ে সংশয় রয়েছে।

ফেনী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হারুন বলেন, মহানগর এক্সপ্রেস ফেনী স্টেশনে যাত্রাবিরতি দিয়ে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে গেছে। ট্রেনটিতে ফেনী থেকে কক্সবাজারগামী ৪৭ জন যাত্রী ছিলেন। প্রথম দিনে নানা আনুষ্ঠানিকতার কারণে কিছুটা দেরি হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা