বেতন বৃদ্ধির দাবি
গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১৪:১৭ পিএম
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন পোশাক কারখানার শ্রমিকেরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা।
মঙ্গলবার সকাল ১১টার দিকে মৌচাক এলাকায় শ্রমিকদের অবস্থানের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহনচালকেরা।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, সকালে বেতন বাড়ানোর দাবিতে এসেনশিয়াল ক্লোথিং লিমিটেডের শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন। পরে তারা মিছিল নিয়ে কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে অবস্থান নেন।
এ সময় আন্দোলনকারীরা আশপাশের কয়েকটি কারখানায় ছুটি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। কয়েকটি কারখানার গেটে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরিস্থিতি বিবেচনায় স্থানীয় কয়েকটি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।
পরে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান নিলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে পড়ে এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, সকাল ১১টা থেকে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।