নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১৩:৫০ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৬ ১৩:৫১ পিএম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি টিনশেড বাড়িতে আগুন লেগে সাতটি ভাড়া ঘরের চাল ও আসবাবপত্র পুড়ে গেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জে একটি টিনশেড বাড়িতে আগুন লেগে সাতটি ভাড়া ঘরের চাল ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ সময় গোয়াল থেকে একটি বাছুর উদ্ধার করতে গিয়ে দগ্ধ
হয়েছেন বাড়ির মালিক শহীদুল্লাহ। এ সময় আগুনে
পুড়ে মারা গেছে দুটি গাভী।
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর
ওয়ার্ডের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় আমজাদ মার্কেটসংলগ্ন সাততলা মোড়ে এ ঘটনা ঘটে।
দগ্ধ শহীদুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের
বার্ন ইউনিটে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বাসায় রয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই বাড়ির ভাড়াটিয়া মনির
হোসেনের সঙ্গে সোমবার দিনের বেলা তার স্ত্রী সাহিদার ঝগড়া হয়। পরে সাহিদা বাড়ি
ছেড়ে চলে যান। অভিযোগ রয়েছে, এ ঘটনার জেরে রাতে মনির ঘরের বিছানার ওপর গ্যাসের
সিলিন্ডার তুলে আগুন ধরিয়ে দেন। এরপর বাইরে থেকে ঘরে দুটি তালা লাগিয়ে তিনি চলে
যান। পরে আগুন আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো.
আব্দুল্লাহ আল আরেফীন বলেন, রাত ৩টা ৩৫ মিনিটে আগুনের খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার
স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল ৫টায় আগুন
নিয়ন্ত্রণে আসে ।
আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, ফায়ার সার্ভিসের
প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে থাকতে পারে।