বরগুনা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১৩:৩৩ পিএম
মঙ্গলবার বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরগুনায় দুর্যোগের ঝুঁকি আগাম শনাক্তকরণ, পূর্বাভাসভিত্তিক পদক্ষেপ গ্রহণ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রাণহানি এবং আর্থ-সামাজিক ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা
অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তার।
ইউরোপীয় সিভিল প্রটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড
অপারেশনসের (ECHO) অর্থায়নে, কেয়ার বাংলাদেশ ও অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার (ACF)-এর
কারিগরি সহযোগিতায় এবং নজরুল স্মৃতি সংসদের (NSS) বাস্তবায়নে প্রকল্পটি পরিচালিত
হচ্ছে।
ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ ঘূর্ণিঝড়, বন্যা,
আকস্মিক বন্যা, বজ্রপাত ও খরাসহ বিভিন্ন জলবায়ুজনিত দুর্যোগের ঝুঁকিতে রয়েছে।
এসব দুর্যোগে বিশেষ করে উপকূলীয় এলাকার মানুষের
জীবন-জীবিকা ও আর্থ-সামাজিক অবস্থার ওপর বিরূপ প্রভাব পড়ে।
এ পরিস্থিতি মোকাবিলায় বিদ্যমান সরকারি দুর্যোগ
ব্যবস্থাপনা ও অর্থায়ন কার্যক্রমের সঙ্গে পূর্বাভাসভিত্তিক ট্রিগার সংযুক্ত করে
আগাম সতর্কতা ও প্রস্তুতিমূলক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে কাজ করবে
‘প্রতিষ্ঠা’ প্রকল্প।
প্রকল্পটির আওতায় বরগুনার পাথরঘাটা উপজেলার পাথরঘাটা
সদর ও চরদুয়ানী ইউনিয়নে কার্যক্রম পরিচালিত হবে। স্থানীয় ও জাতীয় পর্যায়ে
বহুমাত্রিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থা
শক্তিশালী করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রাণহানি ও আর্থ-সামাজিক ক্ষয়ক্ষতি
কমানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা
প্রশাসক (সার্বিক) অনিমেশ বিশ্বাস, জেলা পরিষদের প্রশাসক ও সমাজসেবক মো. নজরুল
ইসলাম মোল্লা, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদ (পিপিএম-সেবা), স্থানীয় সরকারের উপ-পরিচালক
এ এস এম কাসেম এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন
কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না এবং
প্রকল্প ব্যবস্থাপক কে এম মুজিবুল আলমসহ স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের
কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় প্রকল্পের মূল কার্যক্রম ও উদ্দেশ্য তুলে ধরেন
এনএসএসের প্রজেক্ট ফোকাল তাজমেরি জাহান লিখন। এ সময় বক্তারা দুর্যোগ মোকাবিলায়
আগাম প্রস্তুতি, পূর্বাভাসভিত্তিক পদক্ষেপ এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি
প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে
প্রকল্পটির সফল বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহযোগিতার আশ্বাস দেন।
সভা শেষে প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা
কামনা করা হয়।