গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১৩:২১ পিএম
গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া নিজে বাইসাইকেল চালিয়ে কিশোরীদের উৎসাহ দেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে গাজীপুরের কালিয়াকৈরে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্কুলগামী ১২ জন কিশোরীকে বাইসাইকেল দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসন এ উদ্যোগ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনÑ গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান। সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা ইউএনও এ এইচ এম ফখরুল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও তাদের সন্তানদের শিক্ষায় উৎসাহিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বাইসাইকেল পেলে কিশোরীদের দূরের বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে। এতে বিদ্যালয়ে উপস্থিতি বাড়ার পাশাপাশি ঝরে পড়ার প্রবণতা কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক নিজে একটি গোলাপি রঙের বাইসাইকেল চালিয়ে কিশোরীদের উৎসাহ দেন। এ সময় তিনি তাদের উদ্দেশে বলেন, তোমরা সাইকেল চালাতে পারো? আমি চালাচ্ছি, তোমরা আমাকে ফলো করোÑ দেখবা ঠিক পেরে যাবে। তার এ অংশগ্রহণে অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভৌগোলিক দূরত্ব ও যাতায়াতের সীমাবদ্ধতার কারণে প্রান্তিক জনগোষ্ঠীর অনেক শিক্ষার্থীকে বিদ্যালয়ে যাতায়াতে সমস্যায় পড়তে হয়। বাইসাইকেলগুলো তাদের নিয়মিত যাতায়াত সহজ করার পাশাপাশি শিক্ষাজীবন চালিয়ে যেতে সহায়ক হবে বলে আশা করছে প্রশাসন।
অনুষ্ঠানে কালিয়াকৈরের সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বাইসাইকেল পাওয়া কিশোরীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।