পাবনা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১১:৩৯ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৬ ১১:৪০ এএম
ইউরেনিয়াম বহনকারী গাড়িবহরটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের তৃতীয় চালানের ৪১ টন পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম রূপপুরে পৌঁছেছে।
কঠোর নিরাপত্তায় মঙ্গলবার সকালে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহরটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রবেশ করে।
বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা এই বহরের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে।
এর আগে চলতি মাসের ২৭ অক্টোবর এবং ৩ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং দ্বিতীয় ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের একটি চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আনা হয়।
দীর্ঘ প্রতীক্ষার পর গত ১১ অক্টোবর দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া সফল হয়। প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর ঘটনা কেন্দ্রটির কমিশনিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। শিগগিরই সেখান থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
১২শ মেগাওয়াট ধারণ সম্পন্ন ২টি ইউনিটের মাধ্যমে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ শুরু হয় ২০১৩ সালে। রাশিয়ার সহযোগিতায় এটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৩ হাজার কোটি টাকার ওপরে।