খুলনা অফিস
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১০:১১ এএম
খুলনায় গুলিবিদ্ধ যুবদল নেতা সোহেল শেখ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনায় তিন দিনের ব্যবধানে গুলিবিদ্ধ হয়েছেন দুই যুবদল নেতা। গত ২৪ অক্টোবর তেরখাদায় এক নেতাকে গুলির পর সোমবার দিবাগত রাতে বটিয়াঘাটায় গুলি করা হয়েছে আরেক নেতাকে। সর্বশেষ হামলার শিকার সোহেল শেখ (৩৫) আমিরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বটিয়াঘাটা উপজেলার বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সোহেল শেখ উপজেলার ৭ নম্বর আমিরপুর ইউনিয়নের বড় কড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি গনি শেখের ছেলে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, রাত ১২টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি সোহেলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। এতে সোহেলের ডান হাত ও পেটের ডান পাশে গুলি লাগে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সার্জারি ইউনিট-১-এর ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুজ্জামান বলেন, দুর্বৃত্তদের গুলিতে সোহেল নামে একজন আহত হয়েছেন। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলার কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক দল কাজ করছে।
এর আগে গত ২৪ অক্টোবর বেলা ১১টার দিকে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামে গুলিবিদ্ধ হন রামিম বিশ্বাস (৩২)। তিনি ওই গ্রামের হাবিবুর বিশ্বাসের ছেলে এবং মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।
রামিমকে গুলির ঘটনার দিন খুলনায় অবস্থান করছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। ওই সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। এর তিন দিনের মাথায় বটিয়াঘাটায় আরেক যুবদল নেতাকে গুলির ঘটনা ঘটল।