× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্মান্তরিত যুবকের সৎকার চান বাবা, স্ত্রী চান দাফন

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ২৩:০৩ পিএম

নিহত চঞ্চল কুমার।

নিহত চঞ্চল কুমার।

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় নিহত ধর্মান্তরিত যুবক চঞ্চল কুমার ওরফে আব্দুল্লাহর মরদেহের শেষকৃত্য নিয়ে বাবা ও স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দেয়।

বাবা ও পরিবারের সদস্যরা হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী সৎকারের দাবি জানান। অন্যদিকে, ইসলাম গ্রহণের প্রমাণ ও বিয়ের কাবিননামা দেখিয়ে জানাজা ও দাফনের দাবি করেন তার স্ত্রী। 

পরে কাগজপত্র যাচাই ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিরোধের অবসান হয়। শেষ পর্যন্ত স্ত্রীর কাছে মরদেহ হস্তান্তর করা হলে মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী তার দাফন সম্পন্ন হয়।

নিহত চঞ্চল কুমার (২৩) দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা আদিবাসীপাড়ার বাসিন্দা শ্রী মিলন কুমারের ছেলে। ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি নিজের নাম রাখেন আব্দুল্লাহ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে চঞ্চল সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন। পরে পাশের গ্রামের মুসলিম নারী হামিদা খাতুনকে বিয়ে করে সংসার শুরু করেন।

গত ২৪ অক্টোবর ভোরে ঢাকা যাওয়ার পথে মুন্সীগঞ্জের শ্রীপুর মোড়ে দর্শনা ডিলাক্স পরিবহনের একটি বাস দুর্ঘটনায় তার মৃত্যু হয়। পরদিন ২৫ অক্টোবর মরদেহ গ্রামের বাড়ি কার্পাসডাঙ্গায় পৌঁছালে শেষকৃত্য নিয়ে বাবা ও স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দেয়। বাবা শ্রী মিলন কুমার ও পরিবারের সদস্যরা হিন্দু ধর্মীয় রীতিতে সৎকারের দাবি জানান। অন্যদিকে, স্ত্রী হামিদা খাতুন স্বামীর ইসলাম গ্রহণের প্রমাণ ও বিয়ের কাবিননামা দেখিয়ে মুসলিম ধর্মীয় রীতিতে জানাজা ও দাফনের দাবি করেন।

পরিস্থিতি জটিল হয়ে উঠলে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মরদেহটি কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। সেখানে ফাঁড়ির ইনচার্জ জুম্মান খান, দর্শনা ডিলাক্স পরিবহনের মালিক ও মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দুই পক্ষের সঙ্গে আলোচনা করেন। এ সময় ইসলাম গ্রহণের প্রমাণ ও বিয়ের কাবিননামাসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।

আলোচনা ও সমঝোতার পর মরদেহটি স্ত্রী হামিদা খাতুনের কাছে হস্তান্তর করা হয়। পরে ২৫ অক্টোবর কার্পাসডাঙ্গা দক্ষিণপাড়া কবরস্থানে মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী আব্দুল্লাহর দাফন সম্পন্ন হয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. মেজবাহ উদ্দিন বলেন, সবার উপস্থিতিতে বিয়ের কাবিননামা পরীক্ষা-নিরীক্ষার পর মরদেহ স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ২৪ অক্টোবর ভোরে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খাদে পড়ে দর্শনা ডিলাক্স পরিবহনের একটি বাস। এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার, হেলপার ও এক যাত্রীসহ তিনজন নিহত হন। নিহত তিনজনেরই বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা